রাজা আছেন জুয়াড়ি চক্রেই!
লাহোরের একটি বাজার এলাকায় চলছিল আইপিএলের ম্যাচ নিয়ে অবৈধ বাজির কারবার। খবর পেয়ে পুলিশ গিয়ে হাতেনাতে ধরে ফেলল অবৈধ কারবারিদের সাতজনকে। সেই সাতজনের একজন আবার বেশ পরিচিত মুখ, আকরাম রাজা!সেই আকরাম রাজা, ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে একসময় যাঁকে গুনতে হয়েছিল জরিমানা। ২০০০ সালে বিচারপতি মালিক মোহাম্মদ কাইয়ুম কমিশনের সুপারিশে যে ছয় পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছিল, রাজা ছিলেন তাঁদের একজন। নাম প্রকাশ না করার শর্তে লাহোরের গুলবার্গ পুলিশ স্টেশনের এক কর্মকর্তা গতকাল জানিয়েছেন, অবৈধ বাজির আড্ডায় হানা দিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে এবং তাঁদের মধ্যে আছেন আকরাম রাজাও। ঘটনাস্থল থেকে কিছু টেলিফোন সেট, কম্পিউটার, টেলিভিশন এবং বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। গতকালই গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের কথা।১৯৯৫ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ ও টিম মে অভিযোগ করেন, পাকিস্তান অধিনায়ক সেলিম মালিক তাঁদের ঘুষ দিতে চেয়েছিলেন। হইচই ফেলা দেওয়া অভিযোগের তদন্তের নির্দেশ দেয় পাকিস্তান সরকার। তদন্তে বেরিয়ে আসে রাজার নামও। ২০০০ সালে কাইয়ুম কমিশনের সুপারিশেই আজীবন বহিষ্কৃত হয়েছিলেন মালিক। মালিকের ঘনিষ্ঠ বন্ধু রাজা। সেবার জরিমানা দিয়ে পার পেয়েছিলেন, কে জানে এবার জেলও হয় কিনা!১৯৮৯ সালে যে সিরিজে অভিষেক শচীন টেন্ডুলকারের, সেই সিরিজেই অভিষেক রাজার। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফর্মার আন্তর্জাতিক অঙ্গনে সুবিধা করতে পারেননি। ৯ টেস্ট আর ৪৯ ওয়ানডেতেই তাই থেমে গেছে ক্যারিয়ার। তবে বিস্ময়কর হলো, ম্যাচ পাতানোর অভিযোগে শাস্তি হওয়ার পরও রাজা এখন পাকিস্তানের প্রথম সারির আম্পায়ার! পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি ম্যাচও পরিচালনা করেছেন। আম্পায়ার হয়েও অবৈধ বেটিং! ম্যাচ গড়াপেটার কারবার হয়তো আকরাম রাজার মজ্জাতেই ঢুকে গেছে। এএফপি।