রাজার মতোই অভিষেক তাসকিনের

তাঁকে দেখলে বোঝার উপায় নেই যে তাঁর মধ্যে এত আগুন! শৈশবের নিষ্কলুষ মায়াভরা চাহনি। কিন্তু ভারতীয় ক্রিকেট দল তাসকিনের ভেতরের আগুনের উত্তাপটা বেশ ভালোভাবেই টের পেল। একদিনের ক্রিকেটে অভিষেকের দিন সেই উত্তাপেই তাসকিন উড়িয়ে দিলেন ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ।
অভিষেকেই ৫ উইকেট। এমন রেকর্ড বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই নেই। ক্রিকেট ইতিহাসে বল হাতে পঞ্চম সেরা অভিষেকটাও তাঁর। আরও একটি তথ্যে মহিমান্বিত তাসকিনের ওয়ানডে অভিষেক। মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট দখলের কৃতিত্ব তাঁর। প্রোটিয়া-গ্রেট অ্যালান ডোনালন্ডের সঙ্গে ব্র্যাকেটবন্দী তাসকিন কিন্তু এগিয়ে ‘সাদা বিদ্যুত্’ এর চেয়েও—রান খরচের হিসাবে।
তাসকিন যে উঠে আসছেন, সেটা বোঝা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। গত বছর বিপিএলে চিটাগং কিংসের হয়ে বিধ্বংসী বোলিংই তাঁর সম্পর্কে আগ্রহী করে তুলেছিল সবাইকে। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও রেখেছিলেন প্রতিভার স্বাক্ষর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ, এরপর আজ ওয়ানডেতে রঙিন অভিষেক। দেশের ক্রিকেটে তাসকিন যে লম্বা পথ পাড়ি দিতেই এসেছেন, সেটা আজ জানা হয়ে গেল ভালোভাবেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হঠাত্ই দলে সুযোগ পেয়ে গিয়েছিলেন। মাশরাফি চোট পেয়ে দলের বাইরে চলে গেলে সুযোগ হয়ে যায় তাসকিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে তাসকিনের বোলিং দেখে অনেকেই বলেছিলেন, ব্যর্থতায় মোড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র অর্জন ওই তাসকিনই।
তাসকিন সেই কথাটিই রেখেছেন। সত্যিই যে তিনি ‘অর্জন’ ছিলেন, সেটা প্রমাণ করে দিলেন তাঁর ওয়ানডে অভিষেকেই। গতি, সুইং আর লাইন-লেন্থের নিখুঁত সমন্বয় ঘটিয়ে হয়ে উঠলেন অভিষেকের রাজা।
তাসকিনের এই রাজকীয় অভিষেক মনে করিয়ে দিচ্ছে ১৩ বছর আগের স্মৃতি। সেদিন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটেছিল এখনো পর্যন্ত এ দেশের গতি-বোলিংয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন মাশরাফি বিন মুর্তজার। তাসকিনের মতোই গতি-সুইং দিয়ে আলোড়ন ফেলেছিলেন চারদিকে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশের সেরা বোলারটি চোটের সঙ্গে লড়ে ক্লান্ত-বিধ্বস্ত। শল্য-চিকিত্সায় জর্জরিত তাঁর হাঁটু। তাসকিনের অভিষেকের উচ্ছ্বাসে আনন্দের সঙ্গে সঙ্গে একটা আশঙ্কাও যে জেগে উঠছে মনে। তাঁকে আমরা ঠিকভাবে, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে পারব তো? ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যে সব সময়ই ভয়ে কাতর হয়ে ওঠে।
অভিষেকে পাঁচ উইকেট নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাসই ঝরেছে তাসকিনের কণ্ঠে। তবে সেই উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে জানিয়ে রেখেছেন, এমন অভিষেকের পরও তাঁর কাছে দলের জয়টাই প্রধান। এমন অভিষেক মাঠে মারা যাবে, যদি দল হেরে যায়।
বোলিংয়ের একেবারে মৌলিক বিষয়টিরই প্রয়োগ ঘটিয়েছেন তিনি। সেই সঙ্গে গতির ব্যাপারটাও মাথায় ছিল তাঁর, ‘আমি মৌলিক বিষয়টি ঠিক রেখে যতটা সম্ভব গতি দিয়ে বল করার চেষ্টা করে গিয়েছি। অভিষেকটা খুব উপভোগ করলাম। কিন্তু চূড়ান্ত উপভোগের বিষয় হবে দলের জয়।’
অভিষেকে বৃষ্টিটা তাঁর জন্য পয়মন্ত ব্যাপার হয়েই এসেছে, ‘বৃষ্টির আগে মাত্র দুটো বল করেছিলাম। সাজঘরে বসে বৃষ্টি দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছি ভালো বল করার। জানতাম, বেসিক ঠিক রাখলে কন্ডিশনের ফায়দা নেওয়া সম্ভব।’