রাজার মতোই বিদায় ফেল্প্সের
নিজে থেকেই এগিয়ে গেলেন চাদ লে ক্লসের দিকে। আলতো করে চাপড়ে দিলেন পিঠ। এর পর মিষ্টি হেসে কী যেন বললেন। ‘ওস্তাদের মার শেষ রাতে?’মাইকেল ফেল্পেসর এমনটা না বলারই কথা। তবে ওস্তাদ যে তাঁর আসল মার শেষ রাতেই দেন, সেটা পুলে খানিকক্ষণ আগেই ক্লসকে দেখিয়ে দিয়েছেন ফেল্প্স। ২০০ মিটার বাটারফ্লাইয়ে তাঁকে যেভাবে হারিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী তরুণ ক্লস, নিজের শেষ ব্যক্তিগত অলিম্পিক ইভেন্টে ফেল্প্স একইভাবে হারিয়ে দিয়ে প্রতিশোধটাও নিয়ে নিলেন। পরশু ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকে নিজের ১৭তম সোনাটি জিতে নিয়েছেন এই কিংবদন্তি। অলিম্পিকে মোট পদকও হয়ে গেল ২১টি। গতকাল বাংলাদেশ সময় রাত দেড়টায় ছিল তাঁর ৪–১০০ মিটার মিডলের ফাইনাল। এটাই সাঁতারপুলে ফেল্পেসর শেষ লড়াই। এই প্রতিবেদন লেখার সময় ওই ইভেন্টের ফলাফল বলার উপায় ছিল না। তবে ফেল্প্স দলীয় এই ইভেন্টে যা-ই করুন, যুক্তরাষ্ট্র দল আরেকটি পদক জিততে পারুক আর না-পারুক; সবাই একবাক্যেই বলছেন, মাত্র ২৭ বছর বয়সে বিদায় নেওয়া ফেল্প্স রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন অবিসংবাদিত রাজার মতোই। ২০০ মিটার বাটারফ্লাইয়ে বেশির ভাগ সময়ই এগিয়ে ছিলেন সামনে। ফেল্পেসর বিজয় ঘোষণা করেই দিয়েছিলেন টিভির ধারাভাষ্যকারেরা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁকে পেরিয়ে দেয়াল ছুঁয়ে দেন ক্লস। পরশু ১০০ মিটারে হলো এর উল্টো। বেশির ভাগ সময়েই এগিয়ে ছিলেন ক্লস। আর ফেল্প্স প্রথম লেগ শেষে ছিলেন সাতে! সেখান থেকেই দুর্দান্তভাবে ফিরে আসেন ফেল্প্স। ‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখিয়ে দেন। ক্লস আর রাশিয়ার এভজেনি করোতিশকিনের চেয়ে দশমিক ২৩ সেকেন্ড কম সময় নিয়ে জেতেন সোনা। এই দুজনই একই সময় সাঁতার শেষ করায় জিতেছেন রুপা। বাকি সবাই তাঁর প্রশংসায় মেতেছে। তা ছাড়া তখনো একটা ইভেন্ট বাকি ছিল। এ কারণে ১০০ মিটার বাটারফ্লাই শেষে বিদায়ী বার্তাটার্তা কিছু দেননি। আবেগের ব্যাপারে ছিলেন খুবই হিসেবি। তবে ক্লসকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। প্রথমবারের মতো অলিম্পিক খেলতে আসা এই তরুণের মধ্যে অমিত সম্ভাবনা দেখতে পাচ্ছেন বলেও ঘোষণা করেছেন। এরই মধ্যে নিজেকে নিয়ে বলেছেন ফেল্প্স, ‘এটা আমার শেষ ব্যক্তিগত ইভেন্ট। এটা ছিল সত্যিই অসাধারণ। এই সাঁতারটি আমার জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। আমি সত্যিই খুব করে এটা জিততে চাইছিলাম।’ এএফপি।