রাজীব-রাকিবকে ছাড়াই জাতীয় দাবা
পাঁচ গ্র্যান্ডমাস্টারই এখন বাংলাদেশ দাবা ফেডারেশনের ছাতার নিচে। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে আজ শুরু ৩৮তম জাতীয় দাবায় খেলছেন তাঁদের তিনজন। ভারতে টানা টুর্নামেন্ট খেলে ক্লান্ত বলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন (রাজীব)। এতে এই টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টারদের রেটিং বাড়ানোর স্বপ্নটাও একটা হোঁচট খেল।রাজীব যে খেলবেন না, সেটা পরশুই প্রথম আলোকে আভাস দিয়েছিলেন। কাল রাজীব ও রাকিব একই সঙ্গে ফেডারেশনকে জানিয়েছেন তাঁদের অনাগ্রহের কথা। রাকিব কারণ হিসেবে বললেন, ‘পরপর দুটি বড় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট খেলে খুবই ক্লান্তি লাগছে। ইচ্ছা থাকলেও তাই খেলতে পারছি না।’ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক অবশ্য খেলা শুরুর আগ পর্যন্ত এই দুজনের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদও এবার নেই, বাছাইপর্ব পেরোতে না পেরে হতাশ মহিলা দাবায় ১৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন, ‘কয়েক বছর ধরেই আমার ফর্মটা ভালো যাচ্ছে না। এবার মাত্র এক পয়েন্টের জন্য কোয়ালিফাই করতে পারিনি।’ এবারের জাতীয় দাবার পৃষ্ঠপোষকতা করছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।