রাজ্জাক নটআউট ‘২০০’
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের মালিক হলেন আবদুর রাজ্জাক। ১৯৫টি উইকেট ঝুলিতে নিয়ে শ্রীলঙ্কায় যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। আজ তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়ে এই অনন্য কৃতিত্বটি নিজের করে নিলেন এই বাঁ-হাতি বোলার। বাংলাদেশি বোলারদের মধ্যে উইকেট শিকারে রাজ্জাকের ঘারে নিঃশ্বাস ফেলার মতো আপাতত আর কেউই নেই। রাজ্জাকের ‘সবচেয়ে কাছে’ আছেন মাশরাফি বিন মুর্তজা (১৬১)। মাশরাফির চেয়ে মাত্র একটি উইকেট কম নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ১১৯ উইকেট নিয়ে মোহাম্মদ রফিক আছেন চতুর্থ স্থানে। রাজ্জাক, মাশরাফি, সাকিব ও মোহাম্মদ রফিক ছাড়া ওয়ানডেতে ১০০ বা এর চেয়ে বেশি উইকেট পাননি আর কোনো বাংলাদেশি।১৪১টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমে রাজ্জাকের সংগ্রহ ঠিক ২০০ উইকেট। ক্যারিয়ারে ৫ উইকেট শিকার করেছেন তিনি ৪ বার। পাঁচবার পেয়েছেন চারটি করে উইকেট। ২০০৪ সালে কলম্বোতে রাজ্জাকের অভিষেক হয়েছিল হংকংয়ের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত এই হংকংকে অবশ্য প্রতিপক্ষ হিসেবে আর কখনোই পাননি তিনি। তবে রাজ্জাকের গোটা ক্যারিয়ারের প্রতিপক্ষ হিসেবে উইকেট শিকারের খতিয়ান নিলে দেখা যাচ্ছে, তাঁর সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই দলটির বিপক্ষে দেশ-বিদেশের মাঠ মিলিয়ে রাজ্জাকের শিকার সর্বোচ্চ ৫৫ উইকেট। তাঁর সেরা বোলিংও (৫/২৯) এই জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের পরে রাজ্জাকের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজ্জাক কম যাননি। মোট ১৮ জন ক্যারিবীয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছেন রাজ্জাকের শিকার হয়ে। ১৭টি পাকিস্তানি উইকেটও জ্বল জ্বল করছে রাজ্জাকের পরিসংখ্যান খাতায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজ্জাক পেয়েছেন ১১টি উইকেট।