রাজ্জাক নন, কারণ আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বারবার একই প্রশ্ন হলো। ৪৮তম ওভারে আবদুর রাজ্জাকের ১৮ রান দেওয়াতেই কি ম্যাচটা হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের? মুশফিকুর রহিম বারবার একই উত্তর দিয়ে গেলেন। রাজ্জাককে কাঠগড়ায় না দাঁড় করিয়ে প্রতিবারই বললেন শহীদ আফ্রিদির কথা।
‘কারণ শুধুই আফ্রিদি। পাকিস্তানের সাড়ে ১০-১১ করে রান রেট লাগছিল। ওই সময় আফ্রিদি ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান থাকলে কঠিন হতো পাকিস্তানের জেতা। সাকিব আমাদের মূল বোলার। তাকেই যদি এক ওভারে তিনটা ছয় মেরে দিতে পারে, তার মানে সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওই ইনিংসটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে’—৩২৬ রান করেও ম্যাচ হারার ব্যাখ্যা এভাবেই দিলেন বাংলাদেশ অধিনায়ক।
মুশফিকের দাবি অনুযায়ী রাজ্জাক ‘অন্যরকম বোলার’। একটা ম্যাচে খারাপ করা মানেই তাঁর সব শেষ হয়ে যাওয়া নয়, ‘রাজ ভাই (রাজ্জাক) গত আট-দশ বছরে কী করেছেন সবাই জানে। যখন আক্রমণ করতে হয়, তখন সব অধিনায়ককে উনি সমর্থন করেন। এটা যেকোনো বোলারের ক্ষেত্রেই হতে পারে। প্রচণ্ড চাপের খেলা ছিল। একজনের জন্য পুরো দল হেরেছে, আমি তা মনে করি না।’
তবে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক অসাধারণ এই জয়ের রহস্য খুঁজে পাচ্ছেন রাজ্জাকের ওই ওভারে, ‘রাজ্জাকের ওই ওভারেই ম্যাচ আমাদের দিকে হেলে পড়ে।’ পাকিস্তান অধিনায়কের কথার পক্ষে যুক্তি আছে। কারণ আফ্রিদি আউট হওয়ার পরও ম্যাচে ভালোমতোই ছিল বাংলাদেশ। ১৯ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৩ রান। রাজ্জাকের ওভারের পর যেটি নেমে এল ১২ বলে ১৩ রানে।
দুই বাঁহাতি স্পেশালিস্ট স্পিনারের মধ্যে রাজ্জাককে বেছে নেওয়ার ব্যাখ্যাও দিতে হলো অধিনায়ককে, ‘সবার পারফরম্যান্সই ওঠানামা করে। একজন একটু খারাপ করলে তাকে সরিয়ে দিলে, এমন নয় যে তার জায়গায় যে আসবে সে সব সময় ভালো খেলবে। সানি অবশ্যই ভালো খেলছে। কিন্তু সিনিয়ররা অনেক দিন ধরে ভালো খেলছে। তাদের এতটুকু সম্মান দেওয়াই উচিত।’
সোহাগ গাজী স্পেশালিস্ট স্পিনার। আরাফাত খেলতে পারতেন তাঁর জায়গায়ও। কিন্তু টিম ম্যানেজমেন্ট নিল মাহমদুউল্লাহকে, প্রথমবারে যিনি ১৫ জনের দলেই ছিলেন না! মুশফিক এটারও একটা ব্যাখ্যা দিলেন, ‘পাকিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। তাদের বিপক্ষে ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলা ঝুঁকিপূর্ণ। সে জন্য অতিরিক্ত ব্যাটসম্যান নেওয়া। আর আমাদের ব্যাটসম্যানরাও বেশি ভালো খেলছিল না। বাড়তি ব্যাটসম্যান নেওয়ার সেটাও একটা কারণ।’ আর ব্যাটিংয়ে না হোক, বোলার হিসেবে সর্বশেষ সিরিজে খারাপ করেননি মাহমুদউল্লাহ। সাবেক সহ-অধিনায়কের পক্ষে এটাকেও যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন অধিনায়ক।
দলে থাকার পরও পেসার জিয়াউর রহমানকে দিয়ে এক ওভারও বল করাননি মুশফিক। করাবেনই বা কেন! জিয়া যে তাঁর দৃষ্টিতে ‘অকেশনাল বোলার’! ‘ওই সময় অকেশনাল বোলারকে দিয়ে বল করানো ঝুঁকিপূর্ণ হয়ে যেত। আমাদের পরিকল্পনা ছিল, যারা সব সময় বল করে, তাদের দিয়েই করানো’—ব্যাখ্যা মুশফিকের। যে ম্যাচ সারাক্ষণ স্বপ্নের আবির ছড়িয়ে গেল, সেই ম্যাচে শেষ পর্যন্ত জুটল কষ্ট। অধিনায়কের বড় জ্বালা, সেই কষ্ট বুকে চেপে অপ্রিয় সব প্রশ্নেরই উত্তর দিতে হলো ম্যাচ শেষে।