রাজ্জাক-রাজে খুলনার জয়
ইলিয়াস সানির কাছে হারিয়েছেন টেস্ট দলের জায়গা। সেটি খুব শিগগির ফিরে পাবেন কি না, সময়ই বলবে। তবে দলে ফিরতে হলে যা করার দরকার, সেটাই করছেন আবদুর রাজ্জাক। কাল গড়েছেন নতুন রেকর্ড। জাতীয় লিগে ম্যাচ-সেরা বোলিংয়ের রেকর্ড। শুধু জাতীয় লিগেই নয়, বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটেই সেরা বোলিংয়ের রেকর্ড এখন এই বাঁহাতির। ১৯৩ রানে ১৫ উইকেট নিয়ে ভেঙেছেন ওই ইলিয়াস সানিরই রেকর্ড। ২০০৮-০৯ মৌসুমে সিলেটের বিপক্ষে ঢাকার হয়ে ১০৭ রানে ১৩ উইকেট পেয়েছিলেন অভিষেক টেস্টেই ৭ উইকেট পাওয়া সানি।সানির রেকর্ডটি হয়েছিল সিলেটে। আর কাল সেই সিলেটেই ওটা ভাঙলেন রাজ্জাক। বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে দিয়েছেন আসলে রাজ্জাকই, ৭০ রানে তুলেছেন ৭ উইকেট। জয়ের ১৬৫ রান তুলতে খুলনা হারায় মাত্র ২ উইকেট। ওপেনার অমিত মজুমদার ৫৬ ও অধিনায়ক তুষার ইমরান ৬৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট ৫০০০ রান পূর্ণ করেছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার।খুলনার মতো বগুড়াতেও তিন দিনেই জিতেছে রাজশাহী। রংপুরকে ৫৮ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। অলরাউন্ডার ফরহাদ হোসেনের ৮৪ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২১০ রান করে রাজশাহী। ১৮৭ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ১২৮ রানেই শেষ রংপুরের ইনিংস। ব্যাটের পর বল হাতেও সফল অফস্পিনার ফরহাদ (৪/১৫), রংপুরের শেষ দুটি নিয়েছেন পরপর দুই বলে। বাঁহাতি স্পিনার সাকলাইন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৪ উইকেট।বিকেএসপিতে ড্রর দিকেই এগোচ্ছে সিলেট-চট্টগ্রাম ম্যাচ। প্রথম ইনিংসে ৪২৫ করে ১৫৫ রানের লিড নেয় চট্টগ্রাম। চট্টগ্রামের ওপেনার নাফিস ইকবাল করেছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। বিনা উইকেটে ৫১ রানে দিন শেষ করেছে সিলেট।