রাজ্জাককে রেকর্ডের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা কাটছে স্বপ্নের মতো। আবদুর রাজ্জাকের সামনে এখন হাতছানি আরও দুটি বিশ্ব রেকর্ডের। এখনো দুটি রেকর্ডেই অবশ্য নাম আছে তাঁর। তবে একটিতে সঙ্গী আছেন আরও দুজন, আরেকটিতে পাঁচজন! আজ রাজ্জাকের সামনে সুযোগ দুটো বিশ্ব রেকর্ড শুধুই নিজের করে নেওয়ার।টানা তিন ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নিয়ে রাজ্জাক গত ম্যাচেই ছুঁয়েছেন নরেন্দ্র হিরওয়ানি, ওয়াকার ইউনুস, ভ্যাসবার্ট ড্রেকস, শেন ওয়ার্ন ও খুররম চোহানকে। আজ ৪ উইকেট নিলেই রেকর্ডটি এককভাবে হয়ে যাবে বাংলাদেশের বাঁহাতি স্পিনারের। আরেকটি রেকর্ডও হয়ে যেতে পারে আজ, আজ না পারলে সুযোগ থাকবে আগামী ওয়ানডেতেও। ৫ ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার রেকর্ডটি রাজ্জাক গড়েছিলেন গত বছরের অক্টোবর-নভেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেই। এই রেকর্ডে তাঁর এক সঙ্গী আজ আছেন প্রতিপক্ষ দলেই, ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে ১৫ উইকেট নিয়েছিলেন গ্রায়েম ক্রেমার। ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৫ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। চলতি সিরিজের তিন ম্যাচে ১৩ উইকেট রাজ্জাকের, ভাগ্য নেহাত খারাপ না হলেও বাকি দুই ম্যাচে রেকর্ডটি একার না করে নেওয়ার কোনো কারণ নেই।যদি ৫ ম্যাচের গণ্ডি ছাড়িয়ে শুধু দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ধরা হয়, তাহলে রেকর্ড ভাঙতে রাজ্জাকের প্রয়োজন আর ৬ উইকেট। ২০০২-০৩ মৌসুমে নিউজিল্যান্ডে ৭ ম্যাচে ১৮ উইকেট নিয়ে রেকর্ডটি এখনো ভারতের সাবেক পেসার ও বর্তমান আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের। এমন সব অর্জনের সম্ভাবনার সামনে দাঁড়িয়েও রাজ্জাক কিন্তু সেই চিরবিনয়ী, ‘বলে-কয়ে তো আর এসব করা যায় না, রেকর্ড হয়ে যায়। আর আমি এসব হিসাবও রাখি না, আপনাদের কাছ থেকে শুনলেই কেবল জানতে পারি। আগেও যেমন বলেছি, আমার চাওয়া শুধু পরের ম্যাচটা যেন খেলতে পারি, এটা নিশ্চিত করা।’রাজ্জাক বিনয়ী হলেও বাংলাদেশের ক্রিকেটামোদীদের তো আর স্বপ্ন দেখতে মানা নেই! তবে বাগড়া দিতে পারে আবহাওয়া। বৃষ্টিতে আজ এক বলও খেলা না হলে টানা চার ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার সুযোগটি থাকবে, তবে কঠিন হয়ে যাবে সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার কাজটি।