রাজ্জাকের ঘূর্ণিতে হারল পূর্বাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনেই ফল দেখে ফেলেছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। রাজ্জাকের ঘূর্ণিতে তিন দিনেই কুপোকাত পূর্বাঞ্চল, ৬ উইকেটে হেরেছে দক্ষিণাঞ্চলের কাছে। অন্যদিকে ব্যাটে-বলে সমান লড়াই চলছে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলের ম্যাচে।
বিকেএসেপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১০৩ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করে পূর্বাঞ্চল। আজ অবশিষ্ট ৯ উইকেটে ২০৩ রান যোগ করে ৩৪১ রানে অলআউট হয় অলক কাপালির দল। পূর্বাঞ্চলের সাদমান আউট হন নড়বড়ে নব্বইয়ে। সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থেকে শুভাগত হোমের বলে ফেরেন সাদমান। পূর্বাঞ্চলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ আসে লিটন কুমারের ব্যাট থেকে। এ ছাড়া মুমিনুল হক করেন ৫২। দক্ষিণাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন আবদুর রাজ্জাক। দুই ইনিংস মিলে রাজ্জাকের সংগ্রহ ৯ উইকেট।
পূূর্বাঞ্চল ৩৪১ রানে অলআউট হওয়ায় দক্ষিণাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ১০৩। লক্ষ্যকে মামুলি বানিয়ে শুরুতেই চড়াও হন দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা। মাত্র ১৯ ওভারে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। এনামুল হক ৫১ বলে করেন ৬৩। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা দক্ষিণাঞ্চল অধিনায়ক রাজ্জাক।
অন্যদিকে বিকেএসেপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত মধ্যাঞ্চল-উত্তরাঞ্চলের লড়াই জমে উঠেছে বেশ। আগের দিনে ৩ উইকেটে ১১৬ রানের সঙ্গে আজ ১৬২ রান যোগ করে ২৭৮ রানে অলআউট হয়েছে মধ্যাঞ্চল। সর্বোচ্চ ১০৫ করেছেন মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহ। উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
১৭৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন ইলিয়াস সানি। দুই ইনিংস মিলিয়ে সানির সংগ্রহ ৯ উইকেট। ২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ ওভারে ১ উইকেটে ১ রান তুলেছে মধ্যাঞ্চল। এখনো পিছিয়ে ২৬৫ রানে।