রাজ্জাকের দাবি মহসিনের অস্বীকার
আবদুল রাজ্জাকের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন মহসিন খান। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার দাবি করেছিলেন, একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের কারণে সিনিয়র ক্রিকেটারদের পাকিস্তান দলে নেওয়া হচ্ছে না। কিন্তু পাকিস্তানের প্রধান নির্বাচক বললেন, দল নির্বাচনে কোনো ষড়যন্ত্র বা পক্ষপাতিত্ব নেই।বিশ্বকাপের পর কোনো কারণ না দেখিয়েই বাদ দেওয়া হয় রাজ্জাককে। ৩১ বছর বয়সী অলরাউন্ডার পরশু পাকিস্তানের একটি দৈনিককে বলেছেন, ‘একটি গ্রুপ আছে যারা ধীরে ধীরে পাকিস্তান দল থেকে সিনিয়রদের বাইরে ঠেলে দিচ্ছে এবং একজন মূল ব্যক্তি আছে যে আড়ালে থেকে কলকাঠি নাড়ছে। আমি লিস্টারশায়ারের হয়ে কাউন্টিতে খেলছি এবং ভালোও করছি। এখনো পাকিস্তানকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাকে দলের বাইরে রাখা হয়েছে।’‘মূল ব্যক্তি’ বলে রাজ্জাক যাঁর দিকে ইঙ্গিত করেছেন, সেই মহসিন খানের কথায় বরং আশার আলোই দেখতে পারেন রাজ্জাক, ‘সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। সুযোগ যাদের প্রাপ্য, তারাই পাচ্ছে। রাজ্জাকের মতো সিনিয়ররা সব সময়ই বিবেচনায় আছে এবং পারফরম্যান্স দিয়েই তারা দলে ফিরতে পারে।’ ওয়েবসাইট।