রাজ্জাকের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ নাকি তাঁর স্বপ্নের সমান বড়। তাই যেদিন থেকে ঠিক করেছেন ক্রিকেটার হবেন, সেদিন থেকেই স্বপ্ন দেখার শুরু। স্বপ্নের কোনো সীমানা নেই, তাই ডুব দিয়ে চলে যেতেন অনেক গভীরে। হ্যাটট্রিক করবেন, এরপর টানা চার বলে চার, পাঁচ বলে পাঁচ, এক ওভারে ছয় উইকেট নিয়ে গড়বেন ইতিহাস! পরক্ষণেই ভাবতেন, ধ্যাৎ, এসব সত্যি হয় নাকি! করপোরেট লিগে বিমানের হয়ে আবাহনীর বিপক্ষে একবার হ্যাটট্রিক করেছিলেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট তো অন্য জিনিস!আবদুর রাজ্জাক দেখলেন, স্বপ্ন কীভাবে সত্যি হয়। ওভারে ছয় উইকেট নেওয়া হয়নি, তবে ইতিহাস গড়া তো হয়েছে! হ্যাটট্রিক ব্যাপারটা এমন যে শুধু ভালো বোলার হলেই চলবে না, সঙ্গে ভাগ্যের ছোঁয়া থাকাটাও জরুরি। ৩৯ বছরের ইতিহাসে ওয়ানডে ক্রিকেট খেলেছেন ১৯৪০ জন ক্রিকেটার, বোলিং করেছেন ১৩৩১ জন, উইকেটের স্বাদ পেয়েছেন ১১৭২ জন। এঁদের মধ্যে হ্যাটট্রিক আছে মাত্র ২৪ জনের। গণ্ডিটাকে আরেকটু কমিয়ে আনলে, দুজন মাত্র স্পিনারের হ্যাটট্রিক আছে ওয়ানডেতে, আর বাঁহাতি স্পিনার হিসেবে রাজ্জাকই প্রথম, ইতিহাস নয় তো কী! বাংলাদেশের মাটিতেও এটি প্রথম ওয়ানডে হ্যাটট্রিক। এত দিনের লালিত স্বপ্ন পূরণ হলে আনন্দটা বাঁধভাঙাই হওয়ার কথা। কিন্তু রাজ্জাককে দেখে সেটা বোঝার উপায় কোথায়? হ্যাটট্রিকের পর মাঠেই যা একটু উদ্বেল হলেন, ম্যাচ শেষে বাড়তি উচ্ছ্বাস নেই চেহারায় বা কণ্ঠে। যেন দিনটা আর দশটা দিনের মতোই। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কথা বলার পরই কেবল একটু উজ্জ্বল হলো চেহারা, ‘তাই নাকি! জানতাম না তো। হ্যাটট্রিক এমনিতেই বড় একটা অর্জন। এখন তো মনে হচ্ছে আরও বড় কিছু করে ফেলেছি!’রাজ্জাকের আগে একমাত্র স্পিন হ্যাটট্রিক-নায়ক সাকলায়েন মুশতাকের শেষ হ্যাটট্রিকের সঙ্গে মিল আছে রাজ্জাকের হ্যাটট্রিকের। ১৯৯৯ বিশ্বকাপে এই জিম্বাবুয়ের শেষ তিন উইকেট নিয়েই হ্যাটট্রিক হয়েছিল সাকলায়েনের, রাজ্জাকেরও তাই। তবে সাকলায়েনের বলটি ছিল দুসরা, রাজ্জাকেরটি ইয়র্কার মতন। রাজ্জাক জানালেন পরিকল্পনাও ছিল অনেকটাই সে রকমই, ‘যেটা করতে চেয়েছিলাম, প্রায় সেটাই হয়েছে। ইয়র্কার নয়, চেয়েছিলাম স্টাম্পে রাখতে। পোফুর পায়ে লাগার পরই বুঝেছিলাম আউট।’শুধু হ্যাটট্রিকই নয়, কাল রাজ্জাক বেশ কটি জায়গায় ছাড়িয়ে গেছেন নিজেকে। ওয়ানডেতে একাধিকবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল বাংলাদেশে কেবল তাঁরই, কাল যোগ হলো আরেকটি। প্রথম বাংলাদেশি হিসেবে এক ভেন্যুতে উইকেটের হাফ সেঞ্চুরিও করা হয়ে গেছে, যে কৃতিত্ব কেবল আর নয় বোলারের। অথচ বছরটা তাঁর জন্য ভালো যাচ্ছিল না মোটেও। এই সিরিজের আগে ১৮ ম্যাচে ছিল মাত্র ১৬ উইকেট। এ জন্য দায় দিলেন অ্যাকশন বদলকে, জানালেন মানিয়ে নিতে একটু সময় লেগেছে। মানিয়ে নেওয়ার পর দুই ম্যাচে ৯ উইকেট, এত এত অর্জন। রাজ্জাক কিন্তু তার পরও ভীষণ বিনয়ী, ‘আমি আসলে অর্জনের কথা ভেবে খেলি না, প্রতিটি ম্যাচে চেষ্টা করি এমন খেলতে যাতে পরের ম্যাচটা নিশ্চিত হয়। অর্জন যা হবে, তা ক্যারিয়ার শেষে দেখা যাবে।’