রাজ্জাকের ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

কয়েক দিন আগে একবার নিজের ক্যারিয়ার রেকর্ড দেখেছিলেন, উইকেট তিন শর কাছাকাছি৷ পরে আবার ভুলেও গেছেন৷ কাল সকালে যখন ৩০০ উইকেট হলো, নিজেও জানতেন না৷ পরে এই প্রতিবেদকের কাছ থেকে জেনে দারুণ উচ্ছ্বসিত আবদুর রাজ্জাক, ‘শিরোপার আনন্দ দ্বিগুণ...নাহ, চার-পাঁচ গুণ বেড়ে গেল!’
বিসিএল ফাইনালের শেষ দিনে কাল হামিদুল ইসলামকে বোল্ড করে দারুণ এই মাইলফলক ছুঁয়েছেন রাজ্জাক৷ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া বাংলাদেশের তৃতীয় বোলার অভিজ্ঞ এই স্পিনার৷ ৯৭ ম্যাচে ৩৮৯ উইকেট নিয়ে বাংলাদেশের শীর্ষে এনামুল হক জুনিয়র, ৯৯ ম্যাচে ৩১৬ উইকেট নিয়ে দুইয়ে ​পেসার মোহাম্মদ শরীফ৷ রাজ্জাকের এখন ৩০৩ উইকেট ৭২ ম্যাচে৷ ​তালিকার পরের দুটি নামও যে বাঁহাতি স্পিনার, অনুমান করে নিতে পারেন অনায়াসেই৷ ৭৯ ম্যাচে ২৭৫ উইকেট ইলিয়াস সানির, সমান ম্যাচ খেলে চারটি উইকেট কম নাবিল সামাদের৷ তিন শ উইকেট শিকারি তিনজনের মধ্যে আবার একটা জায়গায় এগিয়ে রাজ্জাক৷ দ্রুততম তিন শ উইকেট শিকারি তিনিই৷ এনামুলের লেগেছিল ৭৭ ম্যাচ, শরীফের ৯৩ ম্যাচ৷ রাজ্জাকের লাগল মাত্র ৭২ ম্যাচ!