রাজ্জাকের ৯ উইকেট-কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে তোপের মুখেই পড়েছিলেন আবদুর রাজ্জাক। অনেকেই মনে করছিলেন, ক্যারিয়ারের সেরা সময়টা পেরিয়েই এসেছেন বাঁ-হাতি এই স্পিনার। কিন্তু এখনো যে ফুরিয়ে যাননি, সেটাই আজ মনে করিয়ে দিলেন ৩১ বছর বয়সী রাজ্জাক। জাতীয় লিগে দুর্দান্ত বল করে এক ইনিংসেই পেয়েছেন ৯ উইকেট। ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রাজ্জাকের এই কীর্তি ৯১ রানের বিনিময়ে।
ইনিংসে ৯ উইকেট অবশ্য এবারই প্রথম নয় দেশের অন্যতম অভিজ্ঞ এই বাঁ-হাতি স্পিনারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগেও একবার তিনি ৯ উইকেট তুলে নিয়েছিলেন ৮৪ রানের বিনিময়ে। তাই আজকের কীর্তিটি রাজ্জাকের ঠিক ক্যারিয়ারসেরা নয়।
প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়ে ঢাকা মহানগরকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন খুলনা বিভাগের অধিনায়ক রাজ্জাক। ঢাকার ইনিংস শেষ হয়েছিল ১৭২ রানে। দ্বিতীয় ইনিংসে বল হাতে যেন আরও বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। তাঁর ঘূর্ণিজাদুর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ঢাকার নয় ব্যাটসম্যান। বাকি একটি উইকেট গেছে ইমরুল কায়েসের ঝুলিতে। রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা মহানগরের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৪৩ রানে। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার শামসুর রহমান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ঢাকা মহানগরের অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৬ রান।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনাও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। স্কোরবোর্ডে মাত্র ২২ রান জমা হতেই সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস, রবিউল ইসলাম (রবি) ও এনামুল হক। এই প্রতিবেদন লেখার সময় ৩ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ছিল ৩৬ রান।