রাজ্জাকের ‘বিনি পয়সায়’ খেলা
ভেতরে ভেতরে জমছিল ক্ষোভের বারুদ। এবার শুরু হয়েছে বিস্ফোরণ। বিদেশিদের পর এবার ক্ষোভ এক দেশি ক্রিকেটারের, ওয়াইস শাহর পর মুখ খুললেন আবদুর রাজ্জাক। রংপুর রাইডার্স অধিনায়কও জানালেন, টাকাপয়সা না পাওয়ায় ক্রিকেটারদের অসন্তোষ মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। রাজ্জাকের দাবি, ‘এখন পর্যন্ত আমরা খেলছি ফ্রি অব কস্ট-এ!’ক্রিকেটারদের ক্ষোভ প্রকাশ্য হয়েছে টাকা না পাওয়ায় ঢাকা গ্ল্যাডিয়েটরসের ইংলিশ ব্যাটসম্যান ওয়াইস শাহর ক্ষোভ এবং মাঠে নামতে অস্বীকৃতির জের ধরে। টাকা না পেয়ে ওয়াইস ইচ্ছা করেই প্রত্যাশামতো পারফর্ম করছেন না, এমন ইঙ্গিত দিয়েছিলেন ঢাকার মালিক সেলিম চৌধুরী। কাল রংপুর হারার পর রাজ্জাকের দিকেও ছুটে গেল একই প্রশ্ন। রাজ্জাক মোটেই এড়িয়ে না গিয়ে উত্তর দিলেন খোলাখুলি, ‘ক্রিকেটের বাইরে বাড়তি কিছু নিয়ে ভাবতে হলে মনোযোগ নষ্ট তো হয়ই। আমার দলের বিদেশিদের সঙ্গে কথা হয়েছে আমার, ওরা একটু অনিশ্চয়তায় ভুগছে। এখন পর্যন্ত আমরা ফ্রি অব কস্টে খেলছি। ক্রিকেটারদের মধ্যে এগুলো আলোচনা হয়। মালিকপক্ষ অবশ্য বলছেন ঢাকায় গিয়ে দ্বিতীয় রাউন্ডের আগেই মোটামুটি ক্লিয়ার করবেন। এখন এটা করলেই ভালো!’ঢাকায় গিয়েও যে পাবেন, মালিকপক্ষের ওপর সেই ভরসাও করতে পারছেন না রাজ্জাক। সব মিলিয়ে তাই দ্বিধায় ভুগছেন, ‘আমি যদি ফ্রি খেলি তাহলে তো খারাপ লাগবেই। জীবন চলবে কীভাবে? পুরো সময় ক্রিকেট মাঠে দিচ্ছি, ক্রিকেটকে দিচ্ছি। সত্যি কথা বলতে কি পেমেন্টের ব্যাপারে আমি কনফিডেন্ট না। বললাম কনফিডেন্ট, দেখা গেল দিল না। আবার বললাম দিতে পারে আবার না-ও দিতে পারে, দেখা গেল দিয়ে দিয়েছে। তো...আমি চাই না কারও দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে।’