রাজ্য ফিরে পেলেন ফেদেরার
অ্যান্ডি মারের ব্যাকহ্যান্ড থেকে ছুটে আসা বলটি দাগের ওপাশে পড়তেই লাফ দিয়ে ঘাসে শুয়ে পড়লেন। মুখে দুই হাত। যেন বিশ্বাস হচ্ছে না। পরশু উইম্বলডনের সেন্টার কোর্টে রজার ফেদেরারের উদ্যাপনটা দেখে মনে হলো, যেন ১৭ নম্বর নয়; জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম! আবেগের একটা ছোটখাটো বিস্ফোরণই ঘটল। অথচ এই উইম্বলডনই তিনি জিতেছেন এর আগে আরও ছয়বার!ফেদেরারের এই আবেগের কারণটা পরিষ্কার হলো গ্যালারিতে মায়ের কোলে বসে উল্লাসে হাততালি দিতে থাকা মাইলা রোজ আর শার্লিন রিভাকে দেখে। আড়াই বছর পর কোনো গ্র্যান্ড স্লাম জিতলেন ফেদেরার। সর্বশেষ যেবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, যমজ সন্তান রোজ-রিভার বয়স ছিল মাত্র ছয় মাস। বাবা কিছু একটা জিতেছে—এটা তারা বুঝতেই পারেনি। কিন্তু পরশু মনে হলো, বাবার আনন্দে তারাও শামিল! তৃতীয় কন্যাসন্তানের মতো পরম মমতায় কোলে উইম্বলডন ট্রফিটা নিয়ে, গ্যালারিতে সন্তানদের দিকে তাকিয়ে ফেদেরার বললেন, ‘এই জয় দিয়ে আজ যেন আমার, আমার পরিবারের একটা স্বপ্ন পূরণ হলো। তাদের এখানে দেখতে পাওয়া, হ্যাঁ, এটা অনেক বড়।’ বললেন, বাবা হওয়ার অনুভূতিই তাঁকে কঠিন দুঃসময়েও হাল ছাড়তে দেয়নি। সন্তানদের সামনে আবার ট্রফি নিয়ে দাঁড়াতে চাওয়ার অদম্য ইচ্ছাই এই শিরোপা এনে দিয়েছে তাঁকে, ‘সবাই মাঝেমধ্যে যেন ভুলে যায় আমার দুটি মেয়ে আছে। আমার জীবনে যেটির গুরুত্ব অপরিসীম। এটা আমার খেলাকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি সাহায্য করেছে। কারণ আমি মনে করি, এ মুহূর্তে আমি আমার জীবনের সেরা টেনিসই খেলছি।’শুধু ফেদেরার নয়, কিছুদিন ধরে তাঁর খেলা যাঁরা দেখছেন, সবাই স্বীকার করবেন, ফেদেরারের যেন পুনর্জন্ম হয়েছে ত্রিশের কোঠায় দাঁড়িয়ে। সেই এক হাতের দুর্দান্ত ব্যাকহ্যান্ড, দুরন্ত গতির ফোরহ্যান্ড, দুঃসাহসী ব্যাকহ্যান্ড স্লাইস, কম্পাসে মাপা নিখুঁত এস, গোলার মতো ছুটে যাওয়া উইনার। ফলাফল, প্রথম সেট জিতে, দ্বিতীয় সেটে খানিকটা লড়াই করে শেষ দুই সেটে অ্যান্ডি মারের অসহায় আত্মসমর্পণ। ফেদেরার জিতলেন ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে। দুই বছর পর ফিরলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে, এই সপ্তাহটি হবে তাঁর শীর্ষে থাকার ২৮৬তম সপ্তাহ। আর এক সপ্তাহ থাকতে পারলে পিট সাম্প্রাসের রেকর্ডটা ভেঙে ফেলবেন। সাম্প্রাসের আরেকটি রেকর্ডে অবশ্য ভাগ বসিয়েছেন পরশুই। সাতটি উইম্বলডন জয়ের কীর্তি আর শুধু এই মার্কিন কিংবদন্তিরই আছে। ফেদেরার ফুরিয়ে গেছেন, ফেদেরারে খেলায় আগের সেই ধার নেই, ফেদেরারের অবসর নেওয়া উচিত—গত দুই বছরে অজস্রবার এই কথাগুলো উচ্চারণ করা বোদ্ধারা এখন চুপ। যে ঘাসের কোর্ট তাঁর সবচেয়ে প্রিয়, সেই উইম্বলডনে টানা দুবার কোয়ার্টার ফাইনালের চৌহদ্দি না পেরিয়ে ফেদেরার নিজেও টেনিসপ্রেমীদের সংশয়ে ফেলে দিয়েছিলেন। পরশুর ফাইনালে মেঘ-বৃষ্টির পর আবার যেমন ঠিকই খেলা হয়েছে, হতাশার কালো মেঘের আড়াল সরিয়ে সূর্যের মতো ফেদেরারের আবির্ভাব ঘুচিয়ে দিল সব সংশয়। ফেদেরারকে বয়স কোনো দ্বিধায় ফেলেনি, ‘যে বয়সে দাঁড়িয়ে আছি, সেটা নিয়েই আমি অনেক খুশি। কারণ আমি দুর্দান্ত খেলছি। জানি, সামনে আরও শিরোপা জেতা সম্ভব। ২০-২৫ বছর বয়সের তুলনায় এখন সবকিছুই অন্য রকম। জীবনে এখন অনেক সুস্থির। কিছুই পাল্টাতে চাই না। এ মুহূর্তে এটা অনেক অনেক বেশি স্পেশাল।’অল-ইংল্যান্ড ক্লাবে আবারও ফিরবেন কিছুদিনের মধ্যে। অধরা অলিম্পিক সোনাটি জিততে! এএফপি, রয়টার্স।