রাজ্যসভায়ও শচীনের অটোগ্রাফ নেওয়ার হিড়িক!

শুরু হয়েছে রাজ্যসভার শীতকালীন অধিবেশন। রাজ্যসভার সংবাদ খেলার পাতায় কেন? কারণ, খোদ শচীন টেন্ডুলকার যে উপস্থিত রাজ্যসভায়! রীতি অনুযায়ী, সরকারি-বিরোধী দলের তর্ক-বিতর্কে উত্তপ্ত হবে রাজ্যসভা। কোথায় কী! তা না হয়ে উল্টো সাংসদরা লাইন দিয়ে নেমে পড়লেন শচীনের সই শিকারে! দিব্যি হাসিমুখে ঝানু রাজনীতিবিদদের সই বিলিয়েছেন! মুখে হাসির রেখা টেনে সবার সঙ্গে করমর্দনও করেছেন।
রাজ্যসভায় শচীনের উপস্থিতি এটাই প্রথম নয়। গত আগস্টের বর্ষাকালীন অধিবেশনেও ছিলেন। লিটল মাস্টার উপস্থিত হলে নাকি রাজ্যসভার চিত্রই পাল্টে যায়। একে অপরকে ঘায়েল করার পরিবর্তে সাংসদরা তাঁকে নিয়েই মেতে ওঠেন।
রাজ্যসভার সভাপতি হামিদ আনসারি এদিন বললেন, একজন মনোনীত সদস্য ও অসাধারণ ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকারকে ভারতরত্ন খেতাব দেওয়া বিরাট গর্বের ব্যাপার। তিনি নিজের ও রাজ্যসভার পক্ষ থেকে লিটল মাস্টারকে অভিনন্দন জানান। সদস্যরা টেবিল চাপড়ে শচীনকে অভিনন্দন জানান। জবাবে তিনিও উঠে দাঁড়িয়ে করজোড়ে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শচীন টেন্ডুলকার রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন গত বছর।