রাতজুড়ে ক্যারিবীয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের ব্যাটটাকে মাথার ওপর তুলে বনবন করে ঘোরালেন ক্রিস গেইল। ছুটে এলেন সতীর্থরা। বৃত্ত রচনা করে চলল আনন্দনৃত্য। অধিনায়ক ড্যারেন স্যামি লাফাচ্ছিলেন পাগলের মতো। একেকটা লাফে যেন ছুঁতে চাইছিলেন আকাশ! ভাগ্য তখনো অনিশ্চিত ক্যারিবীয়দের, শেষ চারে যাওয়ার জন্য তাকিয়ে থাকতে হচ্ছিল পরের শ্রীলঙ্কা-ইংল্যান্ড মাচের দিকে। স্যামিদের ওই আনন্দ তাই আশা বাঁচিয়ে রাখার! শুধু জয়ই তো নয়, জয়টা যেভাবে ধরা দিল আনন্দটা বাঁধনহারা হলো সে কারণেও। প্রথম ইনিংস শেষেই ম্যাচের শেষ দেখে ফেলেছিল অনেকে। ব্যাটিং উইকেটে ১৩৯ রান এমন আর কী পুঁজি! কিন্তু টুর্নামেন্টে প্রথমবার রহস্য খুঁজে পাওয়া গেল সুনীল নারাইনের স্পিনে। অন্য বোলাররাও সঙ্গত করলেন। ওয়েস্ট ইন্ডিজ জিতল না, তবে জিততে দিল না নিউজিল্যান্ডকেও। আবারও টাই, আরেকটি সুপার ওভার। এখানেও মূল ম্যাচের ছায়া, প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিল ম্যাচ শেষ। নিউজিল্যান্ড যে তুলে ফেলেছিল ১৭! কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ৫ বলেই! সুপার এইটের প্রথম ম্যাচে এই পাল্লেকেলেতেই কিউইরা সুপার ওভারে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। কাল আরেকটি সুপার ওভার হারে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে জয়টাই টুর্নামেন্টে কিউইদের একমাত্র সাফল্য, হারল পরের টানা চার ম্যাচ!মূল ম্যাচে ১৪ বলে ৩০ রানের ছোট্ট ঝড় তুলেছিলেন। সুপার ওভারেও প্রথম বলে ছয় মেরে দলের জয়ে বড় অবদান গেইলের। তবে সুপার ওভারের শেষ মুহূর্তের নায়ক মারলন স্যামুয়েলস। ২ বলে যখন প্রয়োজন ৫, টিম সাউদির লো ফুলটস মিড উইকেটে সীমানার ওভারে ভাসিয়ে দলকে আনন্দে ভাসালেন স্যামুয়েলস। অথচ মুহূর্তকাল আগেও এই স্যামুয়েলসকে মনে হচ্ছিল খলনায়ক! সুপার ওভারে তাঁর বোলিংয়েই ১৭ তুলেছে নিউজিল্যান্ড। ম্যাচটা যে সুপার ওভারে এল, তাতেও তাঁর বোলিংয়ের ভূমিকা। মূল ম্যাচের শেষ ওভারে ১৪ প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। স্যামুয়েলসের করা ওভারটি থেকে আসে ১৩। ঠিক উল্টো প্রান্তে রস টেলর। ৪০ বলে অপরাজিত ৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলে প্রায় একাই দলকে টেনেছেন। সুপার ওভারেও যথাসাধ্য করেছেন অধিনায়ক, ৫ বল খেলে করেছেন ১৪। ম্যাচজুড়ে বীরোচিত পারফরম্যান্স, তার পরও দিন শেষে তিনি ট্র্যাজেডির নায়ক!টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় টেলর বলেছিলেন, উইন্ডিজকে আটকাতে চান ১৫৫-১৬০ রানে। সাউদি-ব্রেসওয়েলদের দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজ আটকে যায় ১৩৯ রানেই। নারাইন-বদ্রিদের স্পিনে ওই রানেই নাভিশ্বাস ওঠে কিউইদের, টেলর একাই টানেন দলকে। শেষ বলে প্রয়োজন ছিল ২, স্যামুয়েলসের ফুলটসে ফ্লিক করে ২ নিতে গিয়েও ১ পান ব্রেসওয়েল। ডিপ স্কয়ার থেকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে উইন্ডিজকে ম্যাচে রাখেন অতিরিক্ত ফিল্ডার ডোয়াইন স্মিথ। সুপার ওভারে ১৮ রানের লক্ষ্যটাকে মনে হচ্ছিল দুরতিক্রম্য। কিন্তু মূল ম্যাচে কিউইদের সেরা বোলার সাউদি এখানে প্রথম বলটাই করলেন নো, আর হাফভলি। গেইল পাঠালেন গ্যালারিতে। পরে স্যামুয়েলসের ছয়ে ম্যাচ শেষ। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের যে সম্ভাবনা টিকিয়ে রেখেছিলেন গেইলরা, তা পরের ম্যাচে শ্রীলঙ্কার জয়ে আলোর মুখ দেখেছে। রাতজুড়ে চলেছে ক্যারিবীয় উৎসব!সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ১৯.৩ ওভারে ১৩৯ (গেইল ৩০, পোলার্ড ২৮, স্যামুয়েলস ২৪, ব্রাভো ১৬; সাউদি ৩/২১, ব্রেসওয়েল ৩/৩১, নাথান ম্যাককালাম ২/১৯, হিরা ১/২৪)। নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৯/৭ (টেলর ৬২*, ব্রেন্ডন ম্যাককালাম ২২, গাপটিল ২১, ফ্রাঙ্কলিন ১৪; নারাইন ৩/২০, বদ্রি ১/১৮, রামপল ১/২৩, স্যামি ১/৩৫)। ফল: ম্যাচ টাই, ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইন।