রাতে টেস্ট ক্রিকেট
লাল বলে চলবে না, এটা তো জানা কথাই। সাদা বলও নয়। তা হলে কী হবে বলের রং—গোলাপি, কমলা, না হলুদ? এই তিন রঙের বল দিয়েই রাতে খেলার চেষ্টা সফল হয়নি। দিবা-রাত্রির টেস্টও আটকে আছে এই বলের ‘গেরো’তেই দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট কি এখন তাহলে শুধুই সময়ের ব্যাপার? সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটেও কি ইতিহাস হয়ে যাবে লাল বল? প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে ‘রেড চেরি’ কথাটা?সরাসরি হ্যাঁ বা না উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের ব্যাপারে আইসিসির আনুষ্ঠানিক সম্মতি দ্বার খুলে দিয়েছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য থেকে সরে এসে টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায় সংযোজনের। গত মে মাসে আইসিসির ক্রিকেট কমিটি যে সুপারিশগুলো করেছিল, গত সোমবার সেগুলোই অনুমোদন করেছে আইসিসির নির্বাহী কমিটি। ওয়ানডে, টি-টোয়েন্টির নিয়মেও পরিবর্তন এসেছে। তবে সব ছাপিয়ে দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটই সবচেয়ে বেশি আলোচনায়।দিবা-রাত্রির টেস্ট ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার অবশ্য প্রতিদ্বন্দ্বী দুটি দলের ওপরই ছেড়ে দিয়েছে আইসিসি। ছয় ঘণ্টা খেলা হবে—এটি নিশ্চিত করে খেলার সময় এবং উপযুক্ত বল নির্বাচনের দায়িত্বও দুই বোর্ডের। ‘উপযুক্ত বল’ই আসলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনে আসল ফ্যাকড়া। লাল বল কৃত্রিম আলোয় ভালোভাবে দেখা যায় না। সাদা বলের রং আবার দীর্ঘস্থায়ী নয়। গত কিছুদিন গোলাপি, কমলা ও হলুদ বল দিয়ে খেলা যায় কি না, এই পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। তাতে খুব একটা ফল পাওয়া যায়নি। দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনে আইসিসির সবুজ সংকেত পেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া মনে হচ্ছে সবচেয়ে খুশি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড অনেক দিন ধরেই দিবা-রাত্রির টেস্টের পক্ষে ব্যাট করে যাচ্ছেন। আইসিসির সবুজ সংকেত পাওয়ার পর ভবিষ্যতে অস্ট্রেলিয়া সফরকারী দলগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সাদারল্যান্ডের যুক্তিটা খুব পরিষ্কার, দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হলে আরও বেশি দর্শক খেলা দেখার সুযোগ পাবে। টেস্ট খেলুড়ে বেশির ভাগ দেশে শনি-রোববার ছুটি থাকে। বাকি তিনটি দিন মাঠে দর্শক টানা খুব কঠিন হয়ে যায়। সাদারল্যান্ড তাই আক্ষেপ করে বলছেন, ‘বেশির ভাগ দর্শক দেখতে পারে না এমন একটা সময় ক্রিকেটের মূল ফরম্যাটটা আয়োজন করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি।’দিবা-রাত্রির টেস্ট হলে যে দর্শক বাড়বে, এর পক্ষে প্রমাণও আছে সাদারল্যান্ডের কাছে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পার্থে যখন টেস্ট হয়, পূর্ব উপকূলে টেলিভিশন দর্শক অনেক বেড়ে যায়। সিডনি ও মেলবোর্নের মতো পূর্ব উপকূলের শহরগুলো পার্থের চেয়ে তিন ঘণ্টা এগিয়ে, যে কারণে লোকজন কাজ থেকে ঘরে ফিরে খেলা দেখতে পারে। তবে সাদারল্যান্ড এটাও মনে করিয়ে দিয়েছেন, আইসিসি অনুমোদন দেওয়ার মানে এই নয় যে, দিবা-রাত্রির টেস্ট শুরু হয়ে গেল বলে, ‘রাতেও দিনের মতো দেখা যাবে, এমন একটা বল খুঁজে বের করার কাজটা আইসিসি চালিয়ে যাচ্ছে। কবে তা পাওয়া যাবে, সেটি এখনো বলা যাচ্ছে না।’সব কথার শেষ কথা আসলে এটিই। এএফপি ও রয়টার্স।