রাতের নিস্তব্ধতা ভেঙে জয়োল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সময় রাত ১০টায় খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগেই বার্লিন গেট এলাকায় প্রধান সমর্থক চত্বরের বড় টেলিভিশন পর্দাগুলো ঘিরে জড়ো হয়ে গেল লাখ খানেক মানুষ। বৃষ্টিও কাউকে দমাতে পারেনি। খোলা চত্বরগুলোতে ভিড় কিছুটা কম হলেও সমর্থকদের উল্লাসের কমতি ছিল না। মধ্যরাতে ম্যাচ বলে বাড়ির ড্রইংরুমগুলোও ছিল সজাগ। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই আলজেরিয়ার জালে আন্দ্রে শুরলের অসাধারণ গোলটির পর রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। তারপর মেসুত ওজিলের দ্বিতীয় গোল। হ্যানোভার শহরের কেন্দ্র থেকে বড় পর্দায় খেলা দেখে ঘরে ফেরার রাস্তায় দেখা গেল উল্লাস। দুই পাশ দিয়ে অসংখ্য গাড়ি কালো লাল সোনালি পতাকা দুলিয়ে আর ভেঁপু বাজিয়ে ছুটছে।
জার্মান দলে তেমন কোনো তারকা খেলোয়াড় নেই, নেই কোনো বিশ্বখ্যাত কোচ। তবে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবল রয়েছে। এটা অবশ্য জার্মানদের জাতিগত বৈশিষ্ট্য। তাদের শত বছরের রেকর্ডও তাই বলে।
তবে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার সঙ্গে এর আগে জার্মানির জয়ের রেকর্ড ছিল না। দুটি ম্যাচ খেলে দুটিতেই হার। ১৯৬৪ সালে হেরেছিল প্রীতি ম্যাচে, আর ১৯৮২ স্পেন বিশ্বকাপে। পরশু পোর্তো আলেগ্রের ম্যাচে সেই লজ্জাটা মুছে দিল জোয়াকিম লোর দল। আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৬তম বারের মতো উঠল কোয়ার্টার ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ৪ জুলাই বিখ্যাত মারাকানায় অনুষ্ঠেয় ওই কোয়ার্টার ফাইনালটি নিয়ে গোটা জার্মানিই যেন টগবগ করে ফুটছে।
ভবিষ্যতের নির্মাণে ইতিহাসের প্রয়োজন অবশ্যই পড়ে, কিন্তু সেটি নিয়ে পড়ে থাকতে নেই। তবে জার্মানির সংবাদমাধ্যম কদিন ধরেই ইতিহাস নিয়ে করছিল টানাটানি, সতর্ক করছিল জার্মানি ফুটবল দলকে। কোচ জোয়াকিম লো রোববার এক সাক্ষাৎকারে বলেন, ‘আলজেরিয়ার ফুটবল দলকে কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই। এই দলের অনেকেই ফ্রান্সের ফুটবল একাডেমিগুলো থেকে প্রশিক্ষণ নিয়েছে, ফ্রান্সে বাস করে এবং সেখানে খেলারও পটভূমি রয়েছে আর আছে অকল্পনীয় শারীরিক সামর্থ্য ও উষ্ণ আবহাওয়ায় খেলার পারদর্শিতা।’ লোর এই কথায় দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছিল বলে জার্মানরা একটু শঙ্কিতই ছিল আলজেরিয়াকে নিয়ে। রমজান মাস এসে পড়ায় জার্মানির ফুটবল দলের তিন মুসলমান খেলোয়াড় মেসুত ওজিল, স্যামি খেদিরা আর শকোদ্রান মুস্তাফিকে নিয়েও বেশ লেখালেখি হতে থাকে পত্রপত্রিকায়। রোজা পালন করলে তাঁরা শারীরিকভাবে কতটা সমর্থ থাকেন, সে নিয়েই আলোচনা। কিন্তু আলজেরিয়া-বাধাটা টপকে গিয়ে লোর দল শেষ পর্যন্ত স্বস্তিই দিল দেশবাসীকে।