রাদওয়ানস্কার ইতিহাসে বাধা সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ঠিক গত মাসেই ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরই মারিয়া শারাপোভা ফিরে পেলেন এক নম্বর জায়গাটি। আজ ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। উইম্বলডনের মহিলা এককের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারাতে পারলেই হয়। প্রথমবারের মতো মেয়েদের টেনিসের এক নম্বর হয়ে যাবেন এই পোলিশ তারকা। কাজটা মোটেই সহজ নয় তৃতীয় বাছাই রাদওয়ানস্কার। প্রতিপক্ষ যে ভয়ংকর! এই উইম্বলডনকেই নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ বানিয়েছেন ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা। পরশু সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই মার্কিন তারকা। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কার মতো স্ট্রোকমেকারকেও অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সেরেনার রেকর্ড ২৪টি এসের কাছে। আজারেঙ্কার বিপক্ষে এক সেটে যতগুলো এস মেরেছেন সেরেনা, পুরো টুর্নামেন্টও সেটা করতে পারেননি রাদওয়ানস্কা।অব্যর্থ এই অস্ত্র তো আছেই, অভিজ্ঞতার ভান্ডারও সমৃদ্ধ ৩০ বছর বয়সী সেরেনার। আজকের ফাইনালটা তাঁর ১৮তম গ্র্যান্ড স্লাম ফাইনাল, রাদওয়ানস্কার মাত্র প্রথম। তার পরও ১৯৯৯ সালের স্টেফি গ্রাফের পর প্রথম ত্রিশোর্ধ্ব ফাইনালিস্টের শ্রদ্ধাই জানিয়েছেন ফাইনালে উঠেই ইতিহাস গড়া ২৩ বছর বয়সী পোলিশকে, ‘রাদওয়ানস্কা খুব ভালো খেলছে। এই বছরে সে খুব ধারাবাহিক। আমার চেয়েও বেশি। আমাকে কঠিন এক ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’সেমিফাইনাল পর্যন্ত ছয় ম্যাচে ৮৫টি এস মেরেছেন সেরেনা। এবারের উইম্বলডনে তাঁর চেয়ে বেশি এস মেরেছেন শুধু জার্মানির পুরুষ খেলোয়াড় ফিলিপ কোলশ্রেইবার—সর্বোচ্চ ৯৮টি। কিন্তু আরেক জার্মান অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠা রাদওয়ানস্কা সার্ভে সেরেনার সমকক্ষ না হলেও দীর্ঘ র‌্যালি খেলে প্রতিপক্ষকে ভুলের ফাঁদে জড়াতে ওস্তাদ। ২০০৮ সালে সেরেনার সঙ্গে দুটি ম্যাচ খেলে দুটিতেই হারা রাদওয়ানস্কা জানেন সেরেনা কতটা ভয়ংকর। তাই সেমিফাইনালের আগে সেরেনার কথারই যেন প্রতিধ্বনি তাঁর কণ্ঠে, ‘আমার সত্যিই হারানোর কিছু নেই। আমি শুধু আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’ এএফপি।সেমিফাইনালে উঠেই ইতিহাস গড়েছিলেন রাদওয়ানস্কা। ৭৩ বছর পর গ্র্যান্ড স্লামের শেষ চার দেখল কোনো পোলিশকে। ১৯৩৯ সালে ইয়াডভিগা ইয়েনজেইয়োফ্স্কা ফ্রেঞ্চ ওপেনে রানার্সআপ হয়েছিলেন। আজ জিতলে তাই আগ্নিয়েস্কা রাদওয়ানস্কার নামটা পোলিশ ক্রীড়া ইতিহাসে পাবে অমরত্ব।