রাদারফোর্ডের সেঞ্চুরিতে উড়ছে কিউইরা
বাবার সঙ্গে তুলনা বা বাবাকে নিয়ে প্রশ্ন পছন্দ করেন না। কিন্তু ক্রিকেট ইতিহাসের বাবা-ছেলের উপাখ্যানে নিজের জায়গা পাকা করে ফেললেন হামিশ রাদারফোর্ড। জোড়াশূন্য দিয়ে শুরু হয়েছিল কেন রাদারফোর্ডের, ছেলের শুরু অসাধারণ এক সেঞ্চুরিতে! হামিশের ১৭১ রানের দুর্দান্ত ইনিংসটায় ম্যাচের লাগাম আরও শক্ত করে ধরেছে নিউজিল্যান্ড।বৃষ্টি ও আলোকস্বল্পতায় কাল খেলা হয়েছে ৬৬ ওভার, তাতেই রান উঠেছে ২৭১। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড ২৩৫, হাতে ৩ উইকেট। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম যেমন খেলছিলেন, তাতে লিডটা আজ আরও বড় হওয়ার কথা। ম্যাচ বাঁচাতে তাই ইংল্যান্ডকে করতে হবে অভাবনীয় কিছু।বৈপরীত্যে ভরা শুরু বাবা-ছেলেকে জায়গা দিয়েছে বিপরীত দুটি তালিকায়। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে ‘পেয়ার’ পেয়েছেন নয়জন, যাঁদের একজন কেন রাদারফোর্ড। আর হামিশকে দিয়ে অভিষেকে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ানও এখন নয়জন! কাল সেঞ্চুরির পর হামিশকে সবার আগে অভিনন্দন জানালেন যিনি, সেই কেন উইলিয়ামসন ছিলেন অভিষেকে সর্বশেষ কিউই সেঞ্চুরিয়ান। ১৭১ রানের ইনিংসটি রেকর্ড বইয়ের আরও কয়েকটি পাতায় জায়গা দিয়েছে হামিশকে। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে এর চেয়ে বড় ইনিংস আছে আর একটিই, ম্যাথু সিনক্লেয়ারের ২১৪। অভিষেকে ওপেন করে এর চেয়ে বড় ইনিংসও মাত্র একটি, শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর ২০১। দুইয়ে আছেন আরেকটি রেকর্ডেও, অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বড় ইনিংস জর্জ হ্যাডলির ১৭৬।৭৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন হামিশ। ৯৫ থেকে স্টিভেন ফিনকে দুটি চারে স্বপ্নের সীমানা ছুঁয়ে ফেলেন ১৩৯ বলে। তাতেই তৃপ্ত না হয়ে ইংলিশ বোলারদের যন্ত্রণা দিয়েছেন আরও অনেকক্ষণ। কভার ফিল্ডারদের চিরে বারবার সীমানা ছোঁয়া সব কভার ড্রাইভ নজর কেড়েছে আলাদা করে। শর্ট বলে আবার পুল-হুকের ফাঁদে পা দেননি, অনেক বল নিয়েছেন শরীরে। দ্বিতীয় নতুন বলের প্রথম ডেলিভারিতে শেষ হয়েছে তাঁর রোমাঞ্চর অভিষেক অভিযান। পরে চার ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ড চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু ম্যাককালামের প্রতি-আক্রমণে কিউইরা পেরিয়েছে চার শ। ওয়েবসাইট।