রান উৎসব চলছেই লঙ্কানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্যারিয়ারের ৩৩তম শতক পূর্ণ করেছেন মাহেলা জয়াবর্ধনে। ছবি: রয়টার্স
টেস্ট ক্যারিয়ারের ৩৩তম শতক পূর্ণ করেছেন মাহেলা জয়াবর্ধনে। ছবি: রয়টার্স

রান উৎসব ছাড়া একে আর কী বলা যায়! ব্যাটিং-সহায়ক উইকেটে স্বোরবোর্ডে ভালো একটি স্কোর তুলতে যেখানে ব্যর্থ বাংলাদেশ, সেখানে পুরো উল্টোচিত্র শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। ব্যাটসম্যানরা উইকেটে আসছেন আর রান করে যাচ্ছেন। কুশল সিলভা সেঞ্চুরি পেয়েছেন, সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনেও। দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা—দুজনই রান পেয়েছেন। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও দীনেশ চান্দিমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুসও। এই শীতেও ‘বোলিং মেশিন’-এর দায়িত্ব পালন করে যেন ক্লান্ত-পরিশ্রান্ত রবিউল, রুবেল, আল-আমিনরা। কাল সাকিব ঝুলিতে পুরেছেন তিন উইকেট। সোহাগ গাজীও একটি, কিন্তু লঙ্কানদের রান পাহাড়ের দিকে ধেয়ে যাওয়া ঠেকানোর সাধ্য যেন কারোরই নেই। বেশ কিছু দিন বিরতির পর আরও একটি ইনিংস পরাজয়ের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কি না, সেই আলোচনাও এখন তুঙ্গে। স্রেফ ব্যাটিং ব্যর্থতার কারণেই মিরপুরে আজ বাংলাদেশের এই করুণ অবস্থা।

শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করেছিল ৫ উইকেটে ৩৭৫ রান নিয়ে। নাইটওয়াচম্যান সুরাঙ্গা লাকমল আউট হয়ে ফেরার পরই পর্দা নেমেছিল দ্বিতীয় দিনের। মাহেলা তখনো অপরাজিত ৪২ রানে। আজ তৃতীয় দিন সকাল থেকেই একেবারে শঙ্কাহীন ব্যাট চালিয়ে যাচ্ছেন মাহেলা, সঙ্গে তরুণ লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস। বার কয়েক এলবিডব্লিউর আবেদন দর্শক গ্যালারিতে ঝড় তুললেও সকালের সেশনটা একেবারেই শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। নির্দিষ্ট করে বললে জয়াবর্ধনে আর ম্যাথুসের। ম্যাথুস করে ফেলেছেন ৪৫ রান। মাহেলা জয়াবর্ধনে অপরাজিত ৮৩ রানে। শ্রীলঙ্কার রান গিয়ে ঠেকেছে ৪৬২-তে। উইকেট ওই পাঁচটিই।

বাংলাদেশি বোলারদের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, মাঠে কী অবস্থায় তাঁরা। সবচেয়ে সফল সাকিব ৩ উইকেট পেতে খরচ করেছেন ১২৯ রান। আল-আমিনের একমাত্র উইকেট এসেছে ১০০ রানের খরচায়। সোহাগ গাজী ৫২ রানে নিয়েছেন একটি। রবিউল আর রুবেল উইকেটশূন্য যথাক্রমে ৬৫ ও ৮৪ রানের খরচায়।