রান-খরার এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ক্রিকেট লিগের লো স্কোরিং ম্যাচের দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই যা একটু আলো ছড়ালেন ব্যাটসম্যানরা। এ মাঠে সিসিএসের ২৬৩ রানের জবাবে ৮ উইকেটে ২৪৩ রান করে ২০ রানে হেরেছে প্রাইম দোলেশ্বর। এ ছাড়া বিকেএসপিতে ‘স্বাগতিক’ বিকেএসপির বিপক্ষে গাজী ট্যাংক ৬ উইকেটে ও ফতুল্লায় সূর্যতরুণের বিপক্ষে ওল্ড ডিওএইচএস ১০ উইকেটে জিতেছে।সৈকত আলী (৪৭) আর অমিত মজুমদারের (৫০) ৯০ রানের ওপেনিং জুটিতে মিরপুরে ভালোই ছিল সিসিএসের শুরুটা। কিন্তু শেয়ারবাজারের মতো এরপরই একটা ধস—মাত্র ৬০ রানের মধ্যে পড়ে যায় তাদের ৫ উইকেট! লিগে ধারাবাহিকভাবে ভালো খেলা মোহাম্মদ আশরাফুলও পরপর দ্বিতীয় ম্যাচের মতো ফ্লপ, ওয়ান ডাউনে নেমে ৩৬ বলে ১৭ রান করেই ফিরেছেন ড্রেসিংরুমে। তবে ষষ্ঠ উইকেটে সুলেমান খান-নাজমুল হোসেনের ৭৪ রানের জুটিতে জেতার মতো স্কোর হয়ে যায় সিসিএসের। সুলেমান করেছেন ৪৩ রান, নাজমুল ৪২ বলে ৭৪ রান করে অপরাজিত।জবাবে অধিনায়ক নাদিফ চৌধুরীর ৮৫ রানের ইনিংসও বাঁচাতে পারেনি প্রাইম দোলেশ্বরকে। ৫৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে সুমন কুমারের (৩৫) সঙ্গে ৯০ রানের জুটি গড়ে নাদিফ কেবল পরাজয়টাই বিলম্বিত করতে পেরেছেন।প্রিমিয়ার লিগে কাল বাকি দুই ম্যাচেই গেছে রান-খরা। মিডল অর্ডারে আসিফ আহমেদ ৪৪ করেছেন, নিজেদের মাঠে তার পরও মাত্র ১২১ রানে শেষ হয়ে গেছে বিকেএসপির ইনিংস। জবাবে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক নাঈম ইসলাম (৫৬*) ও অলক কাপালি (৩৯*) মিলে করে দিয়েছেন বাকি কাজটা। পঞ্চম উইকেটে তাঁদের জুটি অবিচ্ছিন্ন ৮০ রানের।গাজীর ৪ উইকেট ফেলে দিয়ে বিকেএসপি তবু কিছুটা প্রাণ আনতে পেরেছিল এই ম্যাচে, ফতুল্লায় এমনটাও করতে পারেনি সূর্যতরুণ। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রান তুলেছিল তারা। ওল্ড ডিওএইচএসের দুই ওপেনার জাভেদ ওমর ও নাসির জামশেদ মিলে ২০.১ ওভারেই টপকে যান সেটা। পাঁচ ছক্কা ও সাত বাউন্ডারিতে নাসির ৫৯ বলে ৮০ রান করে অপরাজিত। জাভেদ অপরাজিত ৬২ বলে ৫৫ রান করে। ১০ বাউন্ডারির সঙ্গে তাঁর ছক্কা একটি।