রান-খরার পাশে ৩৪৩ও আছে
মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। একটি করে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, হল্যান্ড ও শ্রীলঙ্কা।গত পরশু বাংলাদেশকে ৭৩ রানে হারিয়েছিল পাকিস্তান। কাল তারা ফতুল্লায় আয়ারল্যান্ডকে ৪৪.৩ ওভারে ১৪০ রানে অলআউট করে জিতেছে ৮ উইকেটে। পাকিস্তানের সাদিয়া ৪টি ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ-সেরা বিসমাহ মারুফ নিয়েছেন ৩টি উইকেট।দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানে অলআউট হয়েও ৬ রানে জিতেছিল ফতুল্লায়। কাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা জিতল ১৯৮ রানের বিশাল ব্যবধানে। বিকেএসপিতে রান-বন্যা বইয়ে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ৩৪৩ রান। সেঞ্চুরি পাননি কেউ। দুই উদ্বোধনী ব্যাটার ফ্রিৎস ৯৩ ও চেটি ৯৫ রানে আউট। এরপর যুক্তরাষ্ট্র পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৪৫।শ্রীলঙ্কার মেয়েরা কাল মিরপুরে হল্যান্ডকে ৬১ রানে অলআউট করে জিতেছে ৭ উইকেটে। হল্যান্ড আগের দিন জিম্বাবুয়েকে ১৪৫ রানে অলআউট করে জিতেছিল ৬ উইকেটে।টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে সেঞ্চুরি দুটি। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ওপেনার স্টেফানি টেলর (১০৭) ও জুলিয়ানা নিরোর (১০০*) সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৪ উইকেটে তোলে ২৭৬ রান। আয়ারল্যান্ড ৬৩ রানেই অলআউট।দক্ষিণ আফ্রিকার ৩৪৩, ওয়েস্ট ইন্ডিজের ২৭৬ এবং পাকিস্তানের ১৯৭ এক পাশে রাখলে দেড় শ ছাড়ানো আর ইনিংস নেই। ছোট দলগুলো রানের জন্য ধুঁকছে। বাংলাদেশের বিপক্ষে জাপান তো কাল ৩৮ রানে অলআউট! আজ কোনো ম্যাচ নেই।