রান চাই, রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাউন প্লাজা হোটেলের পেছনে খোলা চত্বরটায় কাল বিকেলে শিশু-কিশোরদের লম্বা লাইন। ভেট্টোরি-ওরাম-ম্যাককালামদের কয়েকজন বসে, সারি বেঁধে দাঁড়িয়ে বাকিরা। মিনিয়েচার ব্যাট-জার্সিতে অটোগ্রাফ মিলছে। সঙ্গে বোনাস হিসেবে একটি আইসক্রিম। অটোগ্রাফের বিনিময়ে শিশু-কিশোরেরা দিচ্ছে শুভকামনা। সোনালি চুল আর ফোকলা দাঁতের তিন-চার বছরের এক শিশু এমন গম্ভীর ভঙ্গিতে ‘গুডলাক ফর টুমরো’ বলল যে, ভেট্টোরি না হেসে পারলেন না।টি-টোয়েন্টির পর প্রথম দুই ওয়ানডেতেও বাংলাদেশ যা খেলল, তাতে তো নিউজিল্যান্ডের কারও শুভকামনার প্রয়োজন আছে বলে মনে হয় না! হোটেলে ফেরার সময় কথাটা শুনে ভেট্টোরি আবার হাসলেন, ‘হ্যাঁ, আমরা ভালো খেলছি।’নিউজিল্যান্ড ভালো খেলছে না বাংলাদেশ বেশি খারাপ? নিউজিল্যান্ড অধিনায়ক এবার আর হাসলেন না, ‘আমরা জানি, বাংলাদেশ যা খেলছে, এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য ওদের আছে। আমরা তাই মোটেই গা ছেড়ে দিচ্ছি না।’ঘণ্টা তিনেক আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও বলে এসেছেন তা-ই। কিন্তু ভেট্টোরি বললেই তো আর হবে না। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের হেসেখেলে জয় মীমাংসা করে দিয়েছে ওয়ানডে সিরিজের। শেষ ওয়ানডে গিয়ে গত্বাঁধা একটি প্রশ্নের পরই কিউই সাংবাদিকেরা তাই অস্ট্রেলিয়া সিরিজের প্রিভিউয়ের মালমসলা জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়লেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে বাংলাদেশ সিরিজটা ভালো প্রস্তুতি হলো কি না, জেসি রাইডারের ইনজুরির কী খবর, ম্যাথু এলিয়ট কবে ফিরবেন ইত্যাদি ইত্যাদির মধ্যে হ্যামিল্টন টেস্ট নিয়েও আগাম দু-একটা প্রশ্ন হলো।সেটির কারণ, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটির দল ঘোষণা হয়েছে এ দিনই। ফাস্ট বোলার ক্রিস মার্টিন ফিরছেন, নইলে বলা যেত ওয়ানডের দলটিকেই রেখে দিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে অভিষিক্ত অ্যান্ডি ম্যাকাই ও পিটার ইনগ্রাম টেস্ট দলেও আছেন। তিন নম্বর নতুন মুখ নিল ব্রুম।বাংলাদেশ? বাংলাদেশের কী খবর? কাল সকালে নিউজিল্যান্ড দল যখন অনুশীলনে, বাংলাদেশ ব্যস্ত এই সিরিজে সবচেয়ে বড় সমস্যার সমাধান খোঁজায়। টপ-অর্ডারের ছয় ব্যাটসম্যানের সঙ্গে বিশ মিনিট করে আলাদা কথা বললেন কোচ জেমি সিডন্স। কেন রান হচ্ছে না, কোথায় সমস্যা—ব্যাটসম্যানদের কথা শুনলেন। দিলেন নিজের মতামত। যৌক্তিক হলেও কন্ডিশনের সেই পুরোনো অজুহাতই কি দিলেন ব্যাটসম্যানরা? সিডন্স শিষ্যদের হয়ে ব্যাটিং করলেন, ‘মাত্রই তো দুটি ম্যাচে ব্যাটিং খারাপ হলো। এত অধৈর্য হলে চলে?’টি-টোয়েন্টিটাকে পাত্তা দিতে চান না বলে দুটি ম্যাচ বললেন। ছেড়ে দে মা কেঁদে বাঁচি ব্যাটিং তো তিন ম্যাচে! তিন ইনিংসে শুধু তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের দুটি ফিফটি। টপ-অর্ডারে এরপর উল্লেখযোগ্য বলতে প্রথম ওয়ানডেতে ইমরুল কায়েসের ৩৩। ব্যাটিংয়ে যে দুজনের নেতৃত্ব দেওয়ার কথা, সেই মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ব্যর্থতার প্রতিমূর্তি। তিন ইনিংসে আশরাফুলের সর্বোচ্চ ১১, মোট রান ২৭। ওয়ানডের এক নম্বর অলরাউন্ডারের অবস্থা আরও খারাপ—তিন ইনিংস মিলিয়ে ১১ রান।নিজের ব্যর্থতা মেনে নিয়েও আশরাফুল টপ-অর্ডারের ব্যর্থতার একটা কারণ খুঁজে পেয়েছেন, যেটি সতীর্থদেরও খুব মনে ধরেছে। তা হলো—বাংলাদেশ প্র্যাকটিসের জন্য এক রকম উইকেট পেয়েছে, ম্যাচে পেয়েছে অন্য রকম। সেটিও তিন ম্যাচে তিন রকম। হ্যামিল্টনে ছিল টেনিস বল বাউন্স, নেপিয়ারে ব্যাটিং উইকেট, ডানেডিনে সেটি আবার দুই রকম গতির। ‘তিনটি ম্যাচেই এক রকম উইকেট হলে অন্তত একটাতে রান করতাম’—আশরাফুলের এই যুক্তি মানবেন কি না সেটা অবশ্য আপনার ব্যাপার। ৫২ টেস্ট আর দেড় শতাধিক ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটসম্যানের তো ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও থাকা উচিত।এই অক্ষমতার মূল্য দিতে হচ্ছিল প্রায়। তৃতীয় ও শেষ ওয়ানডের দলে থাকা নিয়ে কাল সন্ধ্যা পর্যন্ত অনিশ্চয়তার দোলায় দুলেছেন আশরাফুল। শেষ পর্যন্ত টিকে গেছেন বিকল্প না থাকায়। রকিবুল টানা বাজে খেলে বাদ পড়েছেন, তাঁকে কীভাবে ফেরানো যায়? জুনায়েদ সিদ্দিককে নিয়ে ফাটকা খেলার কথাও একবার ভেবেছিলেন সিডন্স। টেস্টের জন্য গত পরশুই যোগ দিয়েছেন দলে। বাকিরা ১০-১১ দিন নিউজিল্যান্ডে কাটিয়েও যেখানে মানিয়ে নিতে পারছেন না, ভ্রমণক্লান্ত জুনায়েদের ওপর বাজি ধরাটা বাড়াবাড়ি হয়ে যাবে ভেবে শেষ পর্যন্ত নিরস্ত হয়েছেন।তিনে হচ্ছে না দেখে আশরাফুল নিজেই চারে একটা সুযোগ দিয়ে দেখতে বলেছেন। আজ চারেই খেলছেন। তিনে সম্ভবত আফতাব। যাঁকে এই পর্যায়ের ক্রিকেটের জন্য অপ্রস্তুত বলে রায় দিয়ে দিয়েছেন সিডন্স। তার পরও খেলিয়ে যেতে হচ্ছে। ওই যে বিকল্পের অভাব। দ্বিতীয় ম্যাচের দলটিই শেষ পর্যন্ত অপরিবর্তিত থেকে যাচ্ছে তাই।১ থেকে ৬ নম্বরের মধ্যে অন্তত তিনজনের ব্যাট থেকে রান চাই—শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে এটাই স্লোগান। নিজের মধ্যে জেদ জাগাচ্ছেন সাকিব, চেষ্টা করছেন অন্যদের মধ্যেও জাগাতে, ‘নিজেরা নিজেরা একটা কথাই বলছি—কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ছেড়ে না দিই। ছয়জনই যদি জেদ করে উইকেটে থাকতে চায়, অন্তত তিনজন তো পারবে।’সফরের তিনটি ম্যাচেই গোহারা হারার পরও নিউজিল্যান্ড দল সম্পর্কে খুব একটা সমীহের ভাব নেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। বরং আলাপ-আলোচনায় বারবারই উঠে আসছে, নিউজিল্যান্ডে খেলা বলেই এমন দাপট দেখিয়ে যাচ্ছে ভেট্টোরিরা। সাকিবের সঙ্গে সুর মিলিয়ে কাল তামিমও বললেন, ‘নিউজিল্যান্ডের এই দলকে এখন বাংলাদেশে নিয়ে যান। দুই ম্যাচ যদি না-ও জিতি, এক ম্যাচে অবশ্যই ওদের হারাব।’ অন্ধকারে একমাত্র আলোর রেখা পেসারদের নেতা শাহাদাতও একমত, ‘এখানে তো আমাদের স্পিনারদের বল টার্নই করে না। বাংলাদেশে খেলা হলে ওরা এত আরামে মারতে পারত না।’স্কোরবোর্ডে বড় একটা রান থাকলে এখানেও ‘আরামে মারা’টা এত সহজ হবে না বলে বিশ্বাস বাংলাদেশের পেসার-ত্রয়ীর। কিন্তু রানটা করবে কে?ও ভাই আশরাফুল, ও সাকিব—আপনাদের ঘুম কি ভাঙবে আজ?