ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সবচেয়ে দ্রুত ২০০০ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। এ জন্য তাঁকে খেলতে হয়েছিল ৪৯ ইনিংস। তাঁর এই রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ১০০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড়ের (৬৪.৩০) মালিক ওয়াটসন ৪১ ইনিংসে করেছেন ১৯২৯ রান। দুই হাজার রান করতে আর মাত্র ৭১ রান দরকার তাঁর। গড়ের দিক দিয়ে দ্বিতীয় (৫৬.৫০) মাইকেল বেভান ৮১ ইনিংসে করেছেন ২৮৮২ রান। তিনে ৫৯ ইনিংসে ২০৫৫ রান করা আরেক অস্ট্রেলিয়ান মাইকেল ক্লার্কের গড় ৫৫.৫৪। এরপর আছেন ৫৪.২৫ গড় নিয়ে ২৯ ইনিংসে ১৩০২ রান করা ভারতের বিরাট কোহলি। পাঁচে ৮১ ইনিংসে ৫০.৯২ গড়ে ২৭৫০ রান করা বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ছাড়া শুধু ম্যাথু হেইডেনেরই আছে পঞ্চাশ গড়। পুরোপুরি ৫০.০০ গড়ে ৬২ ইনিংসে এই অস্ট্রেলিয়ানের সংগ্রহ ২৪৫০ রান।