সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে চাপা পড়েছে ভারত। অধিনায়ক মাইকেল ক্লার্কের অনবদ্য, অসাধারণ, অপরাজিত ২৫১ রান ও রিকি পন্টিংয়ের ১৩৪ রান সিডনি টেস্টের নিয়ন্ত্রণ সম্পূর্ণ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছে। গতকাল যেখানে ১৩টি উইকেট পড়েছিল, আজ ২য় দিনে সেখানে বোলারদের সাফল্য বলতে মাত্র একটি। ২৮৮ রানের জুটি গড়ে ইশান্ত শর্মার বলে রিকি পন্টিংয়ের শচীন টেন্ডুলকারের হাতে ধরা পড়াই ভারতীয় দলকে গোটা দিনে একবারই আনন্দ করার উপলক্ষ্য এনে দেয়। দ্বিতীয় দিন শেষে ভারতের চেয়ে ২৯১ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৮২ রান। দলীয় ৩৭ রানেই ৩ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। নিজেরা ১৯১ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়াকেও একই পথ দেখানো স্বপ্নে বিভোর ছিল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল। মেলবোর্ন টেস্টেও পেসারদের সাফল্য, সেই সঙ্গে কাল শেষ বেলায় জহির খানের দুর্দমনীয় আউট সুইংগুলো উদ্দীপ্ত করেছিল ভারতীয় দলকে। কিন্তু দ্বিতীয় দিনে এসেই সবকিছু কেমন যেন মিইয়ে গেল। আসলে ক্লার্ক ও পন্টিংয়ের অসাধারণ ব্যাটিংই ভারতীয় বোলারদের কোনো সুযোগ দেয়নি। রিকি পন্টিং অসাধারণ এক ইনিংস খেললেন। প্রায় দু’বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করতে পারলেন রিকি। সম্প্রতি ফর্মহীনতার কারণে তাঁকে দল থেকে বের করে দেওয়ারও দাবি জানিয়েচেন কয়েকজন মুখচেনা ক্রিকেট বিশেষজ্ঞ। সিডনিতে পন্টিংয়ের এই শতরান তাদের বিরুদ্ধে এই তাসমানিয়ানের এক বলিষ্ঠ জবাবও। পন্টিং ও ক্লার্কের ইনিংস ছিল চান্সহীন। কাল বিকেল থেকে এই দু’জন আউট করার একটি সুযোগও দেননি। ভারতীয় বোলাররা। প্যাডের কাছে ফুল ডেলিভারি দিয়ে বারবার পড়েছেন বিপদে। একই রকম বল করে প্যাটিনসন, সিডল ও হিলফেনহাস ভারতীয় ব্যাটসম্যানদের বলে-কয়ে আউট করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজে দুই দলের ব্যবধানটা এই মুহূর্তে বেশ স্পষ্টই।