রান পেতে মরিয়া সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বল হাতে রীতিমতো কাঁপিয়েই দিচ্ছেন প্রতিপক্ষকে। টানা দুটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কারটা পেয়েছেন বোলিংয়ের কল্যাণেই। কিন্তু ক্যারিবিয়ায় ব্যাট হাতে এখনো নিষ্প্রভ হয়ে আছেন সাকিব আল হাসান। ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন নিজেও। তাই এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচগুলোতে রান পাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার।

সেন্ট লুসিয়ার বিপক্ষে বারবাডোজের প্রথম ম্যাচে তেমন কিছুই করতে পারেননি সাকিব। ব্যাট হাতে মাত্র ৫ রান। বল হাতেও কোনো উইকেট ছিল না। কিন্তু পরের দুই ম্যাচেই জ্বলে উঠেছিলেন বোলার সাকিব। শেষ ম্যাচটাতে যা করেছেন সেটা টি-টোয়েন্টি ক্রিকেটেরই দ্বিতীয় সেরা বোলিং। ৪ ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে ৬ উইকেট!

কিন্তু ব্যাট হাতে প্রথম তিন ম্যাচে সাকিবের সংগ্রহ মাত্র ৭ রান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জয় এনে দিলেও ব্যাটিং ব্যর্থতাটা একেবারেই মেনে নিতে পারছেন না সাকিব, ‘আমাকে যদি প্রশ্ন করেন যে, আমি পাঁচ উইকেট নিতে চাই, নাকি সেঞ্চুরি করতে চাই, আমি যেকোনো দিন সেঞ্চুরির কথাটাই বলব। উইকেটের চেয়ে রান করেই আমি বেশি সন্তুষ্টি পাই। একজন অলরাউন্ডার হলেও সব সময়ই রান করাটাই বেশি পছন্দ করি। কাজেই এই মুহূর্তে অন্য যে কারও তুলনায় আমি বেশি মরিয়া হয়ে আছি রান পাওয়ার জন্য।’

সাকিবের এই রানখরাটা অবশ্য শুরু হয়েছে বেশ কিছুদিন আগ থেকেই। ইংল্যান্ডে লিস্টারশায়ারের হয়ে খেলার সময় ৯ ম্যাচে করেছিলেন মাত্র ১৪৬ রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল ৪৩ রানের। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে এসেও অবস্থার খুব একটা উন্নয়ন ঘটাতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ ম্যাচে ফিদেল এডওয়ার্ডসের বলে যেভাবে আউট হয়েছেন, সেটা নিয়েও আক্ষেপ করেছেন সাকিব, ‘আমি বলটা সহজেই ছেড়ে দিতে পারতাম। কারণ আমরা ১৫০ বা ১৬০ রান তাড়া করছিলাম না। ফলে আমি নিজের ওপরই অসন্তুষ্ট।’

ব্যাট হাতে সাকিবের ব্যর্থতা অবশ্য তাঁর দলের জন্য কোনোই সমস্যা হয়ে উঠছে না। প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে সাকিবের বারবাডোজ। আগামী ম্যাচগুলোতে সাকিব নিজেকেই সন্তুষ্ট করতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়। সূত্র: ক্রিকইনফো।