প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ১৭১ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২। হারারে টেস্টে এক ব্রেন্ডন টেলরই হারিয়ে দিলেন বাংলাদেশকে। দুই ইনিংস মিলিয়ে টেলরের ২৭৩ রানের চেয়ে বাংলাদেশ বেশি করেছে মাত্র ৮ রান। অতিরিক্ত ১৫ রান বাদ দিয়ে হিসাব করলে বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে টেলরের চেয়ে করেছেন ৭ রান কম। ২৭৩, বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে মোট রানের হিসাবে টেলরকে রেখেছে ৩ নম্বরে। ২০০৩ সালে করাচিতে টেস্ট অভিষেকেই জোড়া সেঞ্চুরি পাওয়া পাকিস্তানের ইয়াসির হামিদ দুই ইনিংসে করেছিলেন মোট ২৭৫ রান। ছয় বছর পর হামিদকে দুইয়ে ঠেলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। চট্টগ্রামে ৩০৫ রান করেছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান। ২৬২ রান (২২৬ ও ২৬*) নিয়ে টেলরের ঠিক পরেই আছেন ইংল্যান্ডের জোনাথন ট্রট।