রান-বন্যায় ব্যাটিং প্র্যাকটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি নিয়ে ভয় ছিল। সকাল থেকেই মাতারায় ঝকঝকে রোদ। ভয় ছিল বাংলাদেশ প্রথম টেস্ট শুরুর আগে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগটা পায় কি না! তা তো পেলই। বইয়ে দিল রানের বন্যাও। ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল। হলো ৯৪.৫ ওভার। ২৫ বলের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট। তবে ততক্ষণে স্কোরবোর্ডে উঠে গেছে ৪৭৯। শুধু কালকের দিনটি আলাদা করে নিলে রানরেট ৪.৯৮।ব্যাটিং-স্বর্গ উইকেটে প্রতিপক্ষ শ্রীলঙ্কান তরুণ বোলাররা। এমন অভাবনীয় কিছু নয়। তবে বোলিং তো বড় চ্যালেঞ্জ ছিল না। চ্যালেঞ্জ ছিল গত কিছুদিন টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ক্রিকেট খেলে এসে দীর্ঘ পরিসরের ম্যাচে মানিয়ে নেওয়া। সেই চ্যালেঞ্জে সবচেয়ে ভালোভাবে উতরালেন মোহাম্মদ আশরাফুল। যাঁর এই সফরে আসারই কথা ছিল না।সাকিব আল হাসান থাকলে হয়তো মমিনুল হকেরও সুযোগ মিলত না। আশরাফুলের সঙ্গে যোগ্য সঙ্গত করে প্রথম টেস্টের দলে নিজের দাবিটা জানিয়ে রাখলেন তিনিও। তৃতীয় উইকেটে দুজনের ১৭৮ রানের জুটি। যাতে কেউই কারও চেয়ে কম যাননি। শেষে এসে একটু পার্থক্য হয়ে গেল। আশরাফুল সেঞ্চুরি পেলেন, মাত্র ১ রানের জন্য তা পেলেন না মমিনুল। পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন মিড অনে।স্কোরবোর্ডটা দেখুন। অদ্ভুত একটা মিল খুঁজে পাবেন। আশরাফুল-মমিনুল দুজনেরই ১১টি চার ও ১টি ছয়। ১১-১ আরেকটি পাবেন, অধিনায়ক মুশফিকুর রহিমের ৬৯ বলে ৮১ রানের ইনিংসে। এখানেও দুটি জুটির গল্প। মাহমুদউল্লাহর সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৬৩ ও সোহাগ গাজীর সঙ্গে সপ্তম উইকেটে ১১২ রানের জুটি গড়েন মুশফিক।চার আর ছয়ের ফুলঝুরি ছুটিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকের জুটিটা মাত্র ৯.১ ওভারে। মুশফিকুরের ব্যাটিংয়ে সবার আগে চোখে পড়ে গোছানো একটা ব্যাপার। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে অলস সৌন্দর্য। সেই সৌন্দর্য মিশে থাকল তাঁর মারা বিশাল তিনটি ছক্কাতেও। সোহাগ গাজীর প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি সেঞ্চুরি আছে। সেটি মনে করিয়ে দিলেন দারুণ সব শট খেলে। প্রায় ১৫৮ স্ট্রাইকরেটে অপরাজিত ৮২। সেঞ্চুরিটা পেলেন না শেষের তিন ব্যাটসম্যান একটু সঙ্গ দিতে না পারায়। তবে সেটি সোহাগের ব্যক্তিগত আক্ষেপ হয়েই থাকবে। দলীয় দৃষ্টিকোণ থেকে এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যা চেয়েছিল, তা তো পেয়েছেই। এনামুল আর নাসির বাদে রান পেয়েছেন ব্যাটসম্যানদের সবাই। জহুরুল বড় রান পাননি। তবে দারুণ একটি বলে কট বিহাইন্ড হওয়ার আগে উইকেটে খুব স্বচ্ছন্দ লেগেছে তাঁকে। এতটাই যে, আশরাফুল-মমিনুলের কথা বলার সময়ও কোচ শেন জার্গেনসন বারবার তা মনে করিয়ে দিলেন। আশরাফুলের সেঞ্চুরি পাওয়াটা দলের জন্য খুব ভালো হয়েছে বলছেন। তবে প্রস্তুতি ম্যাচ প্রথম টেস্টের একাদশ নির্বাচনের কাজটিকে আরও কঠিন করে দিল কি না, এই প্রশ্নও জাগছে কোচের মনে। দল ঘোষণার সময়ই এনামুল হকের টেস্ট অভিষেক একরকম নিশ্চিত করে দিয়েছিলেন প্রধান নির্বাচক আকরাম খান। তামিম ইকবাল ছাড়া দলে স্বীকৃত ওপেনার শুধু এনামুলই বলে সেটিকে অবধারিতই মনে হচ্ছিল তখন। কিন্তু প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় জহুরুল ও এনামুল বিপরীত অনুভূতি ছড়িয়ে দেওয়ায় সেটিকে বোধ হয় আর নিশ্চিত বলা যাচ্ছে না।তামিম ইকবালের খেলাটা কি নিশ্চিত? এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। কাল ম্যাচ চলাকালীন নেটে পেসারদের বোলিংয়ে ব্যাটিং করেছেন। আগের দিনও হাতে যে ব্যথার কথা বলেছিলেন, সেটি নাকি আর অনুভব করছেন না। ম্যাচশেষে মাঠের মাঝখানের উইকেটে ব্যাটিং করলেন বেশ কিছুক্ষণ। শেন জার্গেনসন আগেই বলে গেছেন, বোলারদের বলবেন তেড়েফুঁড়ে বল করতে। তামিমকে স্বচ্ছন্দই লাগল তাতে। তার পরও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো।তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তার চেয়েও বাংলাদেশ দলকে সম্ভবত বেশি দুশ্চিন্তায় ফেলেছে ভ্রমণক্লান্তি। মাতারায় হোটেল ছিল মাঠ থেকে ২২ কিলোমিটার দূরে। গলে সেই দূরত্ব প্রায় দ্বিগুণ। সময়ের হিসাবে দূরত্বটা পৌনে এক ঘণ্টার। অথচ শ্রীলঙ্কা দলকে রাখা হয়েছে মাঠ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। ভবিষ্যতে কোনো সফরের আগে বিসিবির এসব নিয়ে খোঁজখবর করাটা খুব জরুরি বলে মনে হচ্ছে।