রান-বন্যায় রোমাঞ্চের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ এক ম্যাচ! ১৬৩-কে হারিয়ে দিচ্ছিল ৭৩, শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করার কীর্তি ছাপিয়ে যাচ্ছিল লোয়ার মিডল-অর্ডারের ব্যাটিং-ঝড়। ১৩৬ রানের উদ্বোধনী জুটি ঢাকা পড়ে যাচ্ছিল ১০৪ রানের সপ্তম উইকেট জুটিতে, দেড় শ রানের ইনিংস বা ৪ উইকেটের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল শেষ দিকে ৩ উইকেট নেওয়া নিয়ন্ত্রিত এক স্পেল। এমন এক ম্যাচ, যেখানে জয়ী অধিনায়কের কণ্ঠে খানিক অতৃপ্তি আর পরাজিত অধিনায়কের কণ্ঠে তৃপ্তি!ক্রিকেটীয় মান আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব ম্যাচ মিলিয়ে এবারের সিবি সিরিজটাই ওয়ানডে ক্রিকেটের দারুণ এক বিজ্ঞাপন। প্রথম ফাইনালটাও হলো বিজ্ঞাপনের শেষাংশের মতো আদর্শ। শেষে মাইকেল ক্লার্ক হাসতে হাসতে বললেন, ‘জিততে যখন পেরেছি, মজার দিকটাই দেখছি। ও মাই গড...কী রোমাঞ্চকর ম্যাচটাই না হলো!’ যেটা মুখে বলেননি, কিন্তু চোখমুখ বলছিল, তা হলো ‘বড় বাঁচা বেঁচে গেছি!’ প্রথম ওয়ানডে সেঞ্চুরিতেই ১৬৩ করে ডেভিড ওয়ার্নারের ম্যাচসেরার পুরস্কার নিলেন নার্ভাস এক হাসিতে, যেন এই মাত্রই নেমে এলেন ভয়ংকর কোনো রোলারকোস্টার থেকে!অথচ ম্যাচের প্রথম তিন ভাগের দুই ভাগ ছিল একেবারেই একতরফা। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে ম্যাচের আগেই। পিটার ফরেস্ট না ওয়ার্নার—ক্লার্ক ফিরে আসায় কাকে বাদ দেওয়া হবে, দ্বিধায় ছিল অস্ট্রেলিয়া। ফর্মে থাকা ফরেস্টকে বাদ দিয়ে নেওয়া হলো রানখরায় থাকা ওয়ার্নারকে, যুক্তি বিস্ফোরক এই ওপেনার দাঁড়িয়ে গেলে ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া। আর চোটের কারণে থিসারা পেরেরা দেশে ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কা এই ম্যাচে পেল না অ্যাঞ্জেলো ম্যাথুসকেও। এমন কার্যকরী দুজন অলরাউন্ডার না থাকলে একাদশের সমন্বয় আর কী থাকে!এই সরল হিসাব মেনেই এগোচ্ছিল ম্যাচ। ক্যারিয়ার-সেরা ইনিংস খেলার জন্য এই দিনটিকেই বেছে নিলেন ওয়ার্নার। ইনিংসের প্রথম বলে রান পাননি, শেষ বলে বোল্ড। মাঝে ১৫৫ বল খেলে ১৩ চার ও ২ ছয়ে ১৬৩, গ্যাবায় সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। ম্যাথু ওয়েডের সঙ্গে ১৩৬ রানের উদ্বোধনী জুটি। ক্লার্ক-হাসিদের নিয়ে শেষ ১০ ওভারে ৯১ রান। অস্ট্রেলিয়া পেল এই মাঠের দ্বিতীয় সর্বোচ্চ ৩২১। গ্যাবায় ২৮১ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কেউ। ব্রেট লি প্রথম স্পেলেই তুলে নিলেন দিলশান-জয়াবর্ধনেকে, দ্বিতীয় স্পেলে ফিরে সাঙ্গাকারাকে। কাল ডেভিড হাসিও দারুণ কার্যকর অফ স্পিনে, শ্রীলঙ্কা ষষ্ঠ উইকেট হারাল ১৪৪ রানে। ম্যাচ কার্যত শেষ!পরের ৫ ওভারে স্বাভাবিকভাবেই নিস্তরঙ্গ ব্যাটিং। ব্যাটিং পাওয়ার প্লেতে যেন আচমকাই ঝলসে উঠল থারাঙ্গা ও কুলাসেকারার ব্যাট। পাওয়ার প্লের ৫ ওভারে এল ৬৮! ৩৩ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছুঁলেন কুলাসেকারা, ছাড়িয়ে গেলেন আগের সর্বোচ্চ ৫৭। কুলাসেকারাকে (৪৩ বলে ৭৩) ফিরিয়ে ৬৯ বলে ১০৪ রানে জুটি ভাঙলেন ছোট হাসি। ক্যারিয়ারে প্রথমবার মিডল-অর্ডারে নামা থারাঙ্গা তবু চালিয়ে গেলেন লড়াই। কুলাসেকারার ঝড় ফিরে এল ধাম্মিকা প্রসাদের ব্যাটে (২১ বলে ৩১)। শেষ ৩ ওভারে ২ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ২৩। কিন্তু ওয়াটসনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে উঠল না শ্রীলঙ্কা। তবে ম্যাচ হারলেও জিতে নিল হূদয়!সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩২১/৬ (ওয়ার্নার ১৬৩, ওয়েড ৬৪, ওয়াটসন ২১, ক্রিস্টিয়ান ১০, ডেভিড হাসি ১, ক্লার্ক ৩৭, মাইক হাসি ১৯; প্রসাদ ২/৫১, হেরাথ ১/৩৬, কুলাসেকারা ১/৬০, মাহারুফ ১/৬৪, মালিঙ্গা ১/৭৪)। শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ৩০৬ (জয়াবর্ধনে ১৪, দিলশান ২৭, সাঙ্গাকারা ৪২, চান্ডিমাল ১৪, থিরিমান্নে ১৪, থারাঙ্গা ৬০, মাহারুফ ৮, কুলাসেকারা ৭৩, প্রসাদ ৩১*, হেরাথ ৫, মালিঙ্গা ১; ডেভিড হাসি ৪/৪৩, ওয়াটসন ৩/৩৩, লি ৩/৫৯)। ফল: অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।