রানপাহাড়ের নিচে আশরাফুলের আশা
জয়ানন্দ বর্ণবীরার কথাই কি তাহলে ঠিক! স্পিন-স্বর্গ গলের উইকেট রূপ বদলে এবার ব্যাটিং-স্বর্গ?টেস্ট শুরুর আগের দিন এই মাঠের বিখ্যাত কিউরেটর বারবার বলছিলেন, ‘বিশ্বাস করুন, আমি ধোঁকা দেওয়ার জন্য বলছি না। এই উইকেট এবার রানে ভরা।’প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর সংবাদ সম্মেলনে এসে লাহিরু থিরিমান্নেও সবচেয়ে বেশিবার যে কথাটা বললেন, তা হলো ‘ভেরি ফ্ল্যাট উইকেট।’ গল কি তাহলে চরিত্র বদলে ফেলল? শ্রীলঙ্কার সবচেয়ে পুরোনো ক্রিকেট সাংবাদিক সাদি তৌফিক এখনই সিদ্ধান্ত পৌঁছে যেতে চাইলেন না। প্রথম দুই দিন এমন ব্যাটিংবান্ধব চেহারায় নাকি আগেও আবির্ভূত হয়েছে গলের উইকেট। আজ তৃতীয় দিনেও যদি উইকেটে স্পিন না ধরে, তাহলেই শুধু বলা যাবে এটি গলের সেই উইকেট নয়। সেই উইকেট, যেটিকে সম্ভব হলে মুরালিধরন বিশ্বের সব মাঠে বসিয়ে দিতেন!ফলাফল নিয়ে খুব বেশি অনিশ্চয়তা নেই। এই টেস্ট কয় দিন যাবে—কোটি টাকার প্রশ্ন এখন এটাই। আজ ম্যাচের তৃতীয় দিন বোধ হয় এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যেটিতে খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উইকেটের চরিত্র কতটা বদলায়, না বদলায়।মুরালি-উত্তর যুগে এই মাঠে ‘নতুন মুরালি’ হিসেবে আবির্ভূত রঙ্গনা হেরাথকে কাল একেবারেই নির্বিষ দেখাল। ‘রহস্য স্পিনার’ অজন্তা মেন্ডিস অবশ্য ‘রহস্য’ হিসেবেই দেখা দিলেন। তবে সেটি বোলিং বৈচিত্র্যে নয়। রহস্য—মোয়ার মতো এতগুলো বল করলেন কীভাবে! আশরাফুল দারুণ খেলছেন। এত বছরের অভিজ্ঞতায় যেটি তাঁর কাছ থেকে অনেক দিনই প্রত্যাশিত, সেই গোছানো ব্যাটিংয়ের প্রদর্শনীতে অপরাজিত ৬৫। মাত্র ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চির মমিনুলের অপরাজিত ৩৫ মনে করিয়ে দিল পূর্ণেন্দু পত্রীর কবিতার লাইন, ‘আরম্ভের সব কিছুই প্রতিশ্রুতিময়।’তৃতীয় উইকেটে এই দুজনের ৭০ রানের জুটিটিই এই টেস্টে দুঃসহ প্রথম দেড় দিনের যন্ত্রণায় কিছুটা উপশম হয়ে এল। সমস্যা হলো, সর্বনাশ যা হওয়ার তা ওই দেড় দিনেই হয়ে গেছে। বাংলাদেশের মাথার ওপর শ্রীলঙ্কা চাপিয়ে দিয়েছে ৫৭০ রানের ‘হিমালয়’।টেস্টের প্রথম দিন সোহাগ গাজী ছাড়া বাংলাদেশের বাকি বোলাররা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের জন্য উপহারের ডালি সাজিয়ে বসেছিলেন। কাল বোলিং অনেক ভালো হলো। সকালে আবুল হাসান দুর্দান্ত একটা স্পেল করলেন। যেটির পুরস্কারও পেলেন পরম আরাধ্য প্রথম টেস্ট উইকেট। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির অনুভূতি জানা হয়ে গেছে শুরুতেই, প্রথম টেস্ট উইকেটটি পেতে ৪১তম ওভারের অপেক্ষা। সকালে হাসানের ওই স্পেল ৬.৩-২-১২-১। অ্যাঞ্জেলো ম্যাথুসের ওই উইকেটটিই কালকের দিনে বাংলাদেশের বোলারদের একমাত্র অর্জন হয়ে থাকল। দোষটা বোলারদের নয়। ফিল্ডাররা যে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন ‘ক্যাচ ধরার নয়, ছাড়ার জিনিস’ প্রমাণে! দীনেশ চান্ডিমালের প্রথম টেস্ট সেঞ্চুরি না করে তাই উপায় থাকল না।বিড়ালের নাকি নয়টি ‘জীবন’ থাকে। চান্ডিমালকেও কাল মনে হলো বিড়াল প্রজাতির! ১২ রানের মধ্যে তাঁকে তিন-তিনবার নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ উপহার দিলেন জহুরুল ও আবুল হাসান। ৫ রানে গালিতে প্রথম ফেললেন জহুরুল। বোলার হাসান। ৮ রানে এই হাসানই লং লেগে ক্যাচ নিতে ব্যর্থ। শাহাদাতের টেস্ট ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা আরও বড় হয়ে গেল এতে। ২০১০ সালে লর্ডসে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর পরের ৬ টেস্টে উইকেট নিতে পেরেছেন মাত্র ৪টি। ৭ টেস্টেও সংখ্যাটা বোধ হয় ৪-ই থাকছে।টেস্ট ক্রিকেট যেমন স্কিলের ‘টেস্ট’ নেয়, তেমনি শারীরিক ও মানসিক শক্তিরও। সেই অভাব বুঝিয়ে দিতে জহুরুল আবারও চান্ডিমালের ক্যাচ ফেললেন। এবার সোহাগের বলে মিড উইকেটে। সোহাগের বলেই লং অনে মাহমুদউল্লাহ যে ক্যাচটি ফেলেছেন, সেটির তুলনায় অবশ্য এটি বেশ কঠিনই ছিল। ততক্ষণে চান্ডিমালের সেঞ্চুরি হয়ে গেছে।একই সংখ্যার তিন অঙ্ক নাকি অশুভের প্রতীক। ক্রিকেট-বিশ্বে যেটির সবচেয়ে বড় প্রচারক ছিলেন প্রয়াত আম্পায়ার ডেভিড শেফার্ড। একই সংখ্যার তিন অঙ্কের ‘নেলসন স্কোর’ হলেই এক পা তুলে তিনবার লাফ দিতেন তিনি। এই টেস্টেই পরপর দুই দিন ‘১১১’ অশুভ প্রমাণিত হতে হতে হলো না বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায়। গত পরশু সাঙ্গাকারা ১১১ রানে লাইফ পেয়েছিলেন। কাল পেলেন চান্ডিমাল।থিরিমান্নের অপরাজিত ১৫৫ রানের ইনিংসটিকে নিশ্ছিদ্রই বলা যায়। শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরির সংখ্যা তিন। শ্রীলঙ্কায় বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা একদমই নতুন কিছু নয়। এর আগের ৮ টেস্টে শ্রীলঙ্কার দুটি ইনিংসই শুধু সেঞ্চুরিবিহীন ছিল। বাকি ৭ ইনিংসে সেঞ্চুরি হয়েছে ১৪টি। এই টেস্ট যোগ করলে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিপক্ষে ১০ ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে ১৭টি সেঞ্চুরি! বাংলাদেশের পক্ষে কয়টি জানেন? ১৭ ইনিংসে মাত্র দুটি। সেই দুটিই করেছেন মোহাম্মদ আশরাফুল। তৃতীয়টির আশায়ও পাকেচক্রে এ সফরে সুযোগ পাওয়া সেই আশরাফুলের মুখ চেয়েই তাকিয়ে বাংলাদেশ।