রানবন্যায় মানোন্নয়ন দেখছেন মুশফিক
আগেই চার সেঞ্চুরি হয়ে গেছে ম্যাচে। শেষ পর্যন্ত সেঞ্চুরি করলেন নিজেও। তবে বিকেএসপির ন্যাড়া ন্যাড়া উইকেটে রানবন্যা বইয়ে দেওয়াটাকে ব্যাটসম্যানদের সাফল্য হিসেবেই দেখছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
‘অনেকেই রান করেছে দেখে ভালো লাগছে। সামনে টেস্ট সিরিজ। তার আগে এমন ব্যাটিং নৈপুণ্য আশাপ্রদ’—কাল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ড্র ম্যাচ শেষে বলছিলেন বিসিবি উত্তরাঞ্চল অধিনায়ক মুশফিক। বিকেএসপির উইকেটে রান করাটা অনেক সহজ মনে হলেও ব্যাটসম্যানদের কৃতিত্বকে খাটো করছেন না মুশফিক, ‘উইকেট যেমনই হোক না কেন, রান বলে-কয়ে করা যায় না। ফ্লাইটে সামান্য ভুল হলে বাজে বলেও আপনি আউট হবেন। সেখানে এতগুলো সেঞ্চুরি দেখে আমি সন্তুষ্ট।’ বোলারদের জন্যও পরের ম্যাচ থেকে স্পোর্টিং উইকেট চাইছেন জাতীয় দলের অধিনায়ক।
একদিকে মধ্যাঞ্চলের ওপেনার শামসুর রহমানের ডাবল সেঞ্চুরি ও পূর্বাঞ্চলের নাজিম উদ্দিনের ৯৭। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের ইমরুল কায়েসের সেঞ্চুরি—বিসিএলের প্রথম পর্বের দুই ম্যাচ জাতীয় দলের টপ অর্ডারে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। মিডল অর্ডারে সেঞ্চুরি পেয়েছেন স্বয়ং মুশফিক, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা। নব্বইয়ের ঘরে আউট নাসির হোসেন ও নুরুল হাসান। প্রথম পর্বের দুই ম্যাচ মিলে ছয় সেঞ্চুরি আর এক ডাবল সেঞ্চুরিকে আলাদা চোখেই দেখছেন মুশফিক, ‘জাতীয় দলে ঢুকতে কিংবা ফিরতে হলে আপনাকে অসাধারণ কিছু করতে হবে। আমি বলব না যে সেঞ্চুরি হরহামেশাই হচ্ছে। তবে এখন অনেকে সেঞ্চুরি করছে। যখন দেড় শ, দুই শ কিংবা আড়াই শ হচ্ছে, তখন বুঝতে হবে সেটা বিশেষ কিছু। আসলে আমরা আমাদের মানটাকে আরও ওপরে তুলে এনেছি।’
বিসিএল নয়, অধিনায়কের দাবি, তার আগে থেকেই মানোন্নয়নের পথে আছে ব্যাটসম্যানরা, ‘প্রতিযোগিতাটা আসলে কিছুদিন ধরেই চলছে। আমাদের শেষ সিরিজটা যদি খেয়াল করেন তো দেখবেন খুব খারাপ না খেলেও বিজয় (এনামুল হক) বাদ পড়েছিল। তাকে রিপ্লেস করা শুভ (শামসুর) নাইনটি প্লাস ইনিংস খেলেছিল। বিজয় বেশি খারাপ খেলে বাদ পড়েনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে শুভ এমন একটা চাপ তৈরি করেছিল যে পরিবর্তন না করে উপায়ও ছিল না। আর সুযোগটা কাজে লাগিয়েছে শুভ।’