রানা নাভিদের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন সাতজন। ছয়জনকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হলেও বাকি ছিলেন শুধু রানা নাভিদ-উল-হাসান। তবে নাভিদের অপেক্ষার দিন শেষ। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর ওপর দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা আজ শনিবার প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে ২০ লাখ রুপি জরিমানা কমিয়ে ১০ লাখ করা হয়েছে।ইংল্যান্ডে বিতর্কে মোড়ানো সফরের পর ২৬ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এ সফরে দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে তারা। কিন্তু লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির ঘটনায় নিষেধাজ্ঞায় আছেন তিন তারকা ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এ সফরের জন্য ফিরিয়ে আনা হয়েছে মিসবাহ উল হককে। টেস্ট দলের অধিনায়কত্বও দেওয়া হয়েছে মিডল-অর্ডার এই ব্যাটসম্যানকে। টেস্ট দল ঘোষণার দুই দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো নাভিদ-উল-হাসানের।নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ক্রিকইনফোকে নাভিদ বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বেশ স্বস্তির খবর। কয়েক মাস ধরে আমি আমার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমি ফিট, ভালো বোলিং করছি। আমার বিশ্বাস, পাকিস্তান দলে পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিতে পারব।’