রানাতুঙ্গাকে জবাব দিলেন ধর্মদাসা
জিওফ মার্শকে হঠাৎ করে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের তীব্র সমালোচনা করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। সাবেক অধিনায়কের সমালোচনার জবাব দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান উপালি ধর্মদাসা। তাঁর বিশ্বাস, কোচ এবং অধিনায়ক পরিবর্তন নতুন যুগের সূচনা করবে দেশের ক্রিকেটে।পরশু কোচ বদলানোর সিদ্ধান্তকে রানাতুঙ্গা বলেছিলেন, ‘অপেশাদার’ ও ‘অপমানজনক’। কাল এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান পাল্টা বলেছেন, ‘সময় হলেই আমরা এসব পরিবর্তনের সুফল ভোগ করব। শ্রীলঙ্কার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটাই সময়।’ মার্শকে সরিয়ে গ্রাহাম ফোর্ডকে কোচ করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘একবিংশ শতাব্দীর কোচের কাছে আন্তর্জাতিক ক্রিকেটের যে চাহিদা, সেটা তিনি পূরণ করতে পারবেন।’তিলকরত্নে দিলশানের জায়গায় মাহেলা জয়াবর্ধনের অধিনায়ক হওয়ারও ইতিবাচক দিক দেখছেন ধর্মদাসা, ‘এই পরিবর্তনের ফলে দিলশান খেলার প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাড়তি দায়িত্ব থেকে মুক্তি পেলে দলে তাঁর অবদান অনেক বেড়ে যাবে।’ এএফপি।