রানাতুঙ্গাদের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিয়ে কলম্বোতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় থেকে বেরোচ্ছেন অর্জুনা রানাতুঙ্গা l এএফপি
ভোট দিয়ে কলম্বোতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় থেকে বেরোচ্ছেন অর্জুনা রানাতুঙ্গা l এএফপি

শ্রীলঙ্কান ক্রিকেটের সমার্থকই বলা যায় তাঁকে। দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, লঙ্কান ক্রিকেটকে অন্য এক যুগে পৌঁছে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এমন ভাবমূর্তি নিয়েও শ্রীলঙ্কার ক্রিকেট সংগঠকদের মধ্যে আলাদা হতে পারেননি অর্জুনা রানাতুঙ্গা। খেলার মাঠ ও রাজনীতির মাঠের তফাতটা বুঝিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) নির্বাচন। সেখানে সহসভাপতি পদে নির্বাচন করে শোচনীয়ভাবে পরাজিত রানাতুঙ্গা।
এ মুহূর্তে শ্রীলঙ্কান সরকারের নৌপরিবহন ও বন্দর মন্ত্রীর দায়িত্বে আছেন রানাতুঙ্গা। শ্রীলঙ্কার ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। কিন্তু গতকাল এলএসসির নির্বাচনে সাবেক সভাপতি জয়ন্তা ধর্মদাসার কাছে ২২ ভোটের ব্যবধানে হেরে গেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
নির্বাচনে হেরেছেন রানাতুঙ্গার ভাই নিশান্থাও। এসএলসির সাবেক প্রধান নির্বাহী প্রার্থী হয়েছিলেন সভাপতি পদে। সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার কাছে হেরে গেছেন তিনি। ৮৮ ভোট পেয়েছেন সুমাথিপালা, নিশান্থা ৫৬ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাথিপালার প্যানেলের মোহন ডি সিলভা। এএফপি।