রানার জন্য আরেকটি ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ তারার ভিড়ে তাঁকে খুঁজে পাওয়া কঠিন। হয়তো কোথাও আছেন। সহস্র কোটি মাইল দূর থেকে মিটিমিটি দেখছেন বন্ধু মাশরাফি বিন মুর্তজার মাঠে ফেরা। অতি সম্প্রতি সিংহাসনচ্যুত হওয়ার আগে ওয়ানডের সেরা অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের প্রতাপও দেখেছেন নিশ্চয়ই। হয়তো এশিয়া কাপেরও অদৃশ্য দর্শক তাঁর অতৃপ্ত আত্মা। আজ আরেকটি বাংলাদেশ-ভারত ম্যাচের আগে কি সেই অতৃপ্ত আত্মা একটু নড়েচড়ে বসবে না? ফিরে যাবে না পাঁচ বছর আগের সেই দিনটায়, যেদিন খুলনার বৈকালী থেকে শোকের মাতম ছড়িয়ে পড়েছিল পোর্ট অব স্পেন পর্যন্ত! ভারত জয়ের উত্সব উত্সর্গিত হলো তাঁর অকালপ্রয়াণে।মানজারুল ইসলাম রানা। আজ থেকে ঠিক পাঁচ বছর আগের কথা। ২০০৭ সালের ১৬ মার্চ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিভে যায় জাতীয় দলের এই ক্রিকেটারের প্রাণপ্রদীপ। পরদিন, ১৭ মার্চ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ম্যাচটা হাবিবুল বাশারের দল খেলেছিল রানার জন্য। শোক থেকে শক্তি, সেই শক্তিই জিতিয়ে দিল বাহুতে কালো ব্যাজ পরে মাঠে নামা বাংলাদেশ দলকে। রানার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আজ আবারো যখন সামনে ভারত, উঠুক না আরও একবার জ্বলে শোকের শক্তি!বাংলাদেশের এই দলে রানার সবচেয়ে ঘনিষ্ঠজন ছিলেন মাশরাফি। বন্ধুর মৃত্যুবার্ষিকীর কথা মনে করিয়ে দিতেই আবেগে ভিজল তাঁর কণ্ঠ, ‘রানার জন্য আমাদের কিছু করা উচিত। হারজিত বড় কথা নয়, তবে কাল (আজ) ওর জন্য আমরা কিছু করব। আমি অধিনায়ককে বলব, সে-ই হয়তো কিছু একটা ঠিক করবে।’ মাশরাফির কাছে শুনেই হয়তো কাল সন্ধ্যার টিম মিটিংয়ে ব্যাপারটা তুলেছিলেন মুশফিক আর রাজ্জাক। রানার স্মরণে আজ কিছু করার চিন্তা আছে দলের। মিটিংয়ে আজ প্রথম ম্যাচের দলটাই অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।রানার স্মৃতি বড় শক্তি হতে পারে মাশরাফির জন্যই। মাশরাফির সেই শক্তির পারদটাকে ওপরে তুলে দিতে পারে প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে বাংলাদেশের ভালো খেলার ধারণা তো তার হাতেই ছড়ানো! ভারতীয় শিবির থেকে যদি বাংলাদেশের একজন ক্রিকেটারের দিকেও আলাদা করে তাকানো হয়, সেটা মাশরাফি। ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি জয়েই ম্যাচ-সেরা মাশরাফি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তবু ব্যাপারটাকে সরলীকরণ করতে চাইলেন, ‘ভারত বলে নয়, সব দলের বিপক্ষেই ভালো খেলার তাগিদ থাকে। সেদিক দিয়ে কালও (আজ) চাইব ভালো খেলতে। আগে কী করেছি, সেসব ভেবে লাভ নেই। প্রতি ম্যাচেই ভালো খেলতে হবে।’বাংলাদেশ যেমন আরও একবার রানার জন্য খেলতে পারে, ইদানীং ভারতও যেন সব ম্যাচই খেলছে শচীন টেন্ডুলকারের জন্য। ৯৯তম সেঞ্চুরিটি করার পর এক বছরের বন্ধ্যাত্ব। সেঞ্চুরি যেন আকাশের তারাই হয়ে গেছে ব্যাটিং-বিস্ময়ের কাছে! আরাধ্য শততম সেঞ্চুরিটি আজ বাংলাদেশের বিপক্ষেই করতে চাওয়ার অনেক কারণ টেন্ডুলকারের সামনে। এশিয়া কাপে বাংলাদেশই সবচেয়ে সহজ প্রতিপক্ষ বলে কাগজে-কলমে কাজটা এই ম্যাচে সবচেয়ে সহজ। আবার উল্টো করে দেখলে, বাংলাদেশের বিপক্ষে আজ পর্যন্ত তাঁর একটিও ওয়ানডে সেঞ্চুরি নেই। ক্ষুধা মেটানোর ব্যাপারটা তাই দুভাবেই থাকছে টেন্ডুলকারের জন্য।কিন্তু টেন্ডুলকারের পাতে সেঞ্চুরি নামক সুখাদ্যটি কোনোভাবেই দিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এশিয়া কাপেই টেন্ডুলকার শততম সেঞ্চুরির দেখা পেয়ে যান, এমন শুভকামনার পিঠে থেকে যাচ্ছে আরেকটি প্রত্যাশা, ‘আমরা চাই এশিয়া কাপেই তাঁর শততম সেঞ্চুরি হোক। তবে সেটা অবশ্যই আমাদের বিপক্ষে না। কারণ, তাহলে আমাদের দলের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। টেন্ডুলকার রান করা মানে তাঁর দলও বড় রান করবে। আমি তাই কখনোই চাইব না, ও আমাদের বিপক্ষে সেঞ্চুরি করুক।’মুশফিকের মতো কঠোর নন মাশরাফি। টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দরজা তিনি খোলাই রাখছেন। বিনিময়ে যদি জয়টা হয় বাংলাদেশের, ক্ষতি কী! ‘টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানকে আটকানো কঠিন। ওর কথা না ভেবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পুরো ম্যাচ নিয়ে ভাবা। আমরা জেতার জন্যই মাঠে নামব। টেন্ডুলকারের সেঞ্চুরির পরও যদি ভারতকে হারানো যায়, অসুবিধা কী!’শোককে আরও একবার শক্তির মোড়ক পরানোর উপলক্ষে আরও একবার বাধা ভারত, সঙ্গে টেন্ডুলকার। বাংলাদেশ কি পারবে? নাকি শততম সেঞ্চুরির আলোয় ভাসবেন ব্যাটিং জাদুকর!