রানার নামে গ্যালারি হচ্ছে
‘রানা মারা যাওয়ার পর থেকেই আমার আর খুলনাবাসীর প্রত্যাশা ছিল এটা। খুব ভালো লাগছে আজ’—বলতে বলতে কণ্ঠ ধরে এল জামিলা খাতুনের। বাড়ির পাশের স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ হবে অকালে চলে যাওয়া ক্রিকেটার ছেলের নামে—এই ছিল প্রত্যাশা। অবশেষে প্রত্যাশা পূরণ হচ্ছে রানার মায়ের। শেখ আবু নাসের স্টেডিয়ামের পশ্চিম প্রান্তের আন্তর্জাতিক গ্যালারির নাম হচ্ছে ‘মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড।’রানার মাকে পাশে নিয়ে কাল স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান।দাবিটা অনেক পুরোনো। সম্প্রতি খুলনার টেস্ট অভিষেক ও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে সংবাদমাধ্যমে আবার তা উঠে আসে। খুলনা টেস্ট দেখতে এসে রানার বাড়িতে গিয়েছিলেন বোর্ড সভাপতি। কথা দিয়েছিলেন, রানার মায়ের চাওয়া নিয়ে বোর্ড সভায় আলোচনা করবেন। কথা রাখতে পারার তৃপ্তি নাজমুল হাসানের কণ্ঠে, ‘যত দিন এ দেশের ক্রিকেট থাকবে, তত দিন এই স্টেডিয়াম থাকবে। আর যত দিন এই স্টেডিয়াম থাকবে, তত দিন রানার নাম উজ্জ্বল হয়ে থাকবে। রানার জন্য কিছু করতে পেরে খুব ভালো লাগছে, আমরা গর্ববোধ করছি।’৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন মানজারুল। ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকার মতো কোনো রেকর্ড নেই। তবে অকালমৃত্যু একটা ‘রেকর্ড’-এর সঙ্গে জুড়ে দিয়েছে তাঁর নাম। সবচেয়ে কম বয়সে জীবনের খেলা ঘুচে যাওয়া টেস্ট ক্রিকেটার মানজারুল। ২০০৭ সালের ১৬ মার্চ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। ওই দুর্ঘটনায় জীবনপ্রদীপ নিভে যায় রানার সঙ্গী আরেক ক্রিকেটার সাজ্জাদুল হাসানেরও। সেদিন রানার বয়স ছিল মাত্র ২২ বছর ৩১৬ দিন।