রানার নিষিদ্ধ, ক্ষুব্ধ গাভাস্কার
শত বছর ধরে চলে এসেছিল নিয়মটি। পায়ে বা শরীরের কোথাও চোট পেলে কিংবা অস্বস্তিবোধ করলে ‘রানার’ নেওয়ার সুযোগ পেতেন ব্যাটসম্যানরা। কিন্তু গতকাল সোমবার এই নিয়ম বাতিল করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।গাভাস্কার এতটাই ক্ষুব্ধ, বাউন্ডারি লাইনের পাশে বোলারদের জন্য পানির বোতল রাখার বিরোধিতা করেছেন তিনি। আহ্বান জানিয়েছেন, খেলার মাঝে পানি পানের বিরতি বন্ধ করা হোক। নিষিদ্ধ করা হোক বদলি ফিল্ডার মাঠে নামানোর নিয়মকে।গাভাস্কারের যুক্তি, ‘রানার নেওয়ার নিয়ম বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবেন ব্যাটসম্যানরা। আইন সবার জন্য সমান। বোলাররা বাড়তি সুবিধা পাবে কেন? একটু তেষ্টা পেলেই বোলাররা বাউন্ডারি লাইনে এসে পানি পান করে সজীব হবেন, আর নতুন উদ্যমে বোলিং করবেন। এমনটা হতে পারে না।’‘আমার পরামর্শ, বাউন্ডারির পাশে বোলারদের জন্য পানির ব্যবস্থা থাকা উচিত নয়। বোলাররা এক ওভার করে বল করবে, আর বাউন্ডারির কাছে এসে পানি খাবে, এটা মেনে নেওয়া যায় না’—রানার নেওয়ার নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় বলেছেন গাভাস্কার।এর পর ক্ষুব্ধ গাভাস্কার বলেন, ‘ঘণ্টায় ঘণ্টায় পানি পানের বিরতি থাকা উচিত নয়। ব্যাটসম্যানরা রানার নিতে না পারলে বদলি ফিল্ডার নেওয়ার সুযোগটাও বন্ধ করা উচিত।’ ওয়েবসাইট।