রানিয়েরির শিরোপাস্বপ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের হিসাবে মৌসুমের প্রিমিয়ার লিগের ঠিক অর্ধেক হয়ে গেছে। এখন তো সাহস করে এ কথা বলতেই পারেন ক্লদিও রানিয়েরি। পয়েন্টের হিসাবে তাঁর দল লেস্টার সিটি আছে শীর্ষে থাকা আর্সেনালের পাশে। গোল ব্যবধানে পিছিয়ে থেকে আপাতত দ্বিতীয় হলেও মাঝে অনেক দিন শীর্ষস্থানটা এককভাবে লেস্টারেরই ছিল। রানিয়েরি তাই এখন শিরোপারও স্বপ্ন দেখছেন!
আগের দিন বোর্নমাউথের সঙ্গে ২-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গিয়েছিল আর্সেনাল। পরশু ম্যানচেস্টার সিটির সঙ্গে লেস্টার জিতে গেলে সেই শীর্ষস্থান আবার তাদের হয়ে যেত। সেটি অবশ্য পারেনি রানিয়েরির দল। তবে এ মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার ম্যান সিটির সঙ্গে গোলশূন্য ড্রটাও দারুণ ফল বলেই মনে করেন লেস্টার কোচ। এ বছরের শুরুতে যারা লিগে সবচেয়ে নিচের দল ছিল, সেই দলটারই দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করা নিশ্চিত হওয়ার পর রানিয়েরি যেন উড়ছেন, ‘আমরা যা করছি তা অবিশ্বাস্য। আমি কতটা খুশি, বলে বোঝাতে পারব না। আমি জানি আমরা শিরোপা জেতার মতো দল নই, কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাব।’
১৯ ম্যাচ পর আর্সেনাল ও লেস্টার দুই দলেরই পয়েন্ট ৩৯। সমান ম্যাচ থেকে সিটির ৩৬। পরশুর ড্রটা বড় ধাক্কা হয়ে এসেছে আপাতত পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা সিটির জন্য। এ নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা ছয় ম্যাচে জয়শূন্য সিটি। তবে মৌসুমের বাকি সময়টায় এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির, ‘আমরা এখনো পয়েন্ট তালিকার ওপরের দিকেই আছি এবং আশা করছি মৌসুমের দ্বিতীয়ার্ধে আরও উন্নতি করব।’ এএফপি।