রানী আর তানির গল্প
তানি অপেক্ষায় বসেছিল। টেবিলে দাবা ঘুঁটির সামনে চুপচাপ। পা দুটো টেবিলের নিচে। একটু ওপরে তোলা মুখটা টেবিল-লাগোয়া। মিনিট পাঁচেকের মধ্যেই এসে গেলেন রানী হামিদ। বাংলাদেশের দাবা ইতিহাসে ঢুকে পড়া এক দৃশ্য: রানী হামিদ বনাম তানজিনা আক্তার তানি।চলমান জাতীয় মহিলা দাবায় কাল এই ম্যাচটা ছিল ব্যতিক্রম। প্রথম কারণ অবশ্যই দুজনের বয়স। ৬৭ বছরের রানীর বিপক্ষে খেলছে ১২ বছরের তানি! রানী জাতীয় দাবার চ্যাম্পিয়নই তো হয়েছেন ১৭ বার। প্রজন্মান্তরের ব্যবধান যে কী, এর চেয়ে বড় উদাহরণ আর হয় না!ছোট্ট তানি অত কিছু বোঝে কি না, কে জানে। তবে টেবিলে বসতে যাওয়ার আগমুহূর্তেও স্নায়ুচাপে রীতিমতো কাতর দেখাল। ফিসফিস করে বলল, ‘এত বড় খেলোয়াড়। কত নাম শুনেছি ওনার। আগে একদিন একটা ম্যাচও খেলার সুযোগ পেয়েছিলাম ওনার সঙ্গে। তবে জানেন, আজ বাসা থেকে আসতে আসতে ভয় করছিল। এখনো ভয়টা আছে।’ভয়টা ম্যাচ শেষে হয়ে গেল দুঃখের অনুভূতি। রানীর বিপক্ষে খেলার ঘণ্টাখানেক পরই একটা ভুল চালে মন্ত্রীটা গেল। এরপর ২৪ চালে হার মানল তানি। আগের দিন বয়সের ব্যবধান মুছে ফেলে জাকিয়ার সঙ্গে ১৩২ চাল পর্যন্ত লড়েছে যে মেয়ে, কাল রানীর সামনে ছোট্ট বুকের ধড়ফড়ানির ধকল আর সামলাতে পারেনি। ম্যাচের পর কাঁদো কাঁদো গলা তার, ‘আমি ভয় পেয়েছিলাম। চালই দিতে পারছিলাম না। আজকের দিনটা আমার খুব খারাপ গেছে।’ তা দেখে রানীও হতভম্ব, ‘ওর চেয়ে বয়সে বড় নাতনিই আছে আমার। এইটুকুন একটা মেয়ে। এই বয়সে এতটা তো আমরা ভাবতেই পারতাম না। মেয়েটা সাহসী। পরিচর্যা করলে খুব ভালো করবে।’ঠিক এ কথাটাই অনুপ্রেরণা মেনে বাড়ি ফিরল তানি। ওর সঙ্গে এসেছিলেন বাবা আবুল হোসেন। সরকারি ভূমি জরিপে চাকরি শেষে এখন পেনশন পান। পান খাওয়া মুখটা লাল। চুল সব পেকে গিয়েছে। পাঁচ মেয়ে আর তিন ছেলের মধ্যে তানি সবার ছোট। বিশাল পরিবার নিয়ে নোয়াখালীর সেনবাগের এই বাসিন্দা এখন সংসার পেতেছেন রাজধানীতে। দুই কাঠার ওপর তিনতলা এক ইউনিট তুলে বাড়ির দেড় তলা ভাড়া দিয়েছেন। ওই টাকাই এখন আয়ের মূল উৎস। কিন্তু ভদ্রলোক খুবই গর্বিত তাঁর ছেলেমেয়েরা সবাই মেধাবী হওয়ায়।তানি এর সর্বশেষ সংস্করণ। রানীর সমকালীন দাবাড়ু জাহানারা হক রুনু, এবারের জাতীয় মহিলা দাবায়ও খেলছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে তানি একমাত্র পয়েন্ট পেয়েছে এই রুনুর সঙ্গে ড্র করে। তানির প্রসঙ্গে উচ্ছ্বসিত তিনিও, ‘ভাবাই যায় না নাতিনের বয়সী খেলোয়াড়ের সঙ্গে আমরা খেলছি। হা..হা..হা।’তানি এখন পড়ছে মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে। বোনদের মধ্যে ওর বড়জন তাহমিনা আক্তার তিশা একই স্কুলে পড়ছে দশম শ্রেণীতে। সে-ও জাতীয় পর্যায়ে দাবা খেলছে। ২০০৯ সালে তানি জাতীয় জুনিয়রে চাম্পিয়ন। তিশা জুনিয়রে চ্যাম্পিয়ন গত বছর। বাংলাদেশের দাবায় দুই বোনের গল্প আছে—ইভা-আভা, নিপা-মীরা...। এখন নতুন প্রজন্মেও প্রতিনিধিত্ব করতে শুরু করেছে তিশা-তানি।শুনতে ভালোই লাগে। কিন্তু তানিদের গড়ে তোলার দায়িত্ব কে নেবে? একটা ল্যাপটপ চাই তার, যাতে কম্পিউটারে খেলতে পারে। মাসে কিছু টাকা পেলে খরচ মেটাতে সুবিধে হবে। বাবার মুখে এই আবেদন শোনা গেল বারবার।