রানী হামিদই চ্যাম্পিয়ন
আগের দিনই দাবা অঙ্গনে ছড়িয়ে পড়ে আলোচনাটা, চ্যাম্পিয়ন হলে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লেখাবেন রানী হামিদ। সত্যিই গিনেস বুকে ঠাঁই হবে কি না, সেজন্য যোগাযোগ চলছে। তবে নিজের কাজটা রানী হামিদ করেছেন। কাল শেষ রাউন্ডে জিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।জাতীয় মহিলা দাবায় এটি তাঁর ১৮তম শিরোপা। শোনা যাচ্ছে, মহিলা দাবায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ১৭ বার জাতীয় শিরোপা জয়ের। পুরুষ বিভাগের রেকর্ডটি ২০ বারের। ১৬ বার জাতীয় মহিলা টেবিল টেনিস জিতে বাংলাদেশের এখনো পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গিনেস বুকে রানী হামিদের নামটি উঠে কি না—সেটাই এখন দেখার।শেষ রাউন্ডে নামার আগে আধা পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে ছিলেন রানী হামিদই। কাল কুষ্টিয়ার দিলারা জামানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন বাংলাদেশের দাবাসম্রাজ্ঞী। শামীমা-নাজরানা মুখোমুখি হওয়ার আগেই জেনে যান চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ।ড্রয়ের পর টাইব্রেকারে লিজাকে হারিয়ে রানারআপ ইভা। ২০০৯-এর চ্যাম্পিয়ন সুলতানা শারমিন শিরিন চতুর্থ। এই ৬৭ বছর বয়সে এসেও তরুণদের সঙ্গে লড়াই করে রানী হামিদের চ্যাম্পিয়ন হওয়াটা বিস্ময়কর। এই সাফল্য একদিকে যেমন তাঁর শ্রেষ্ঠত্বকে আরও ওপরে তুলে ধরে; আবার এটা দেশের দাবার জন্য একটা নেতিবাচক বিজ্ঞাপনও। এই প্রবীণার সাফল্য প্রমাণ করে, বাংলাদেশে এখনো সেই মানের প্রতিভাবান দাবাড়ু উঠে আসেনি।আগের আসরের চ্যাম্পিয়ন। তার ওপর কদিন আগে বাংলাদেশের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার্স খেতাব। বড় প্রত্যাশাটা ছিল শামীমাকে নিয়ে। কিন্তু সেই শামীমা টুর্নামেন্ট শেষ করলেন তৃতীয় হয়ে।শেষ রাউন্ডের খেলা শেষে কালই প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। তিন বছর পর চ্যাম্পিয়ন হওয়া রানী হামিদের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া এবং প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আরলিন ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর ইসলাম। গর্বিত মায়ের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে ছিলেন ছেলে সোহেল হামিদও।