রানে ফিরলেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর জয়াবর্ধনে ।  এএফপি
সেঞ্চুরির পর জয়াবর্ধনে । এএফপি

দেশে সদ্যোজাত সন্তানের মুখ দেখে এসেছিলেন মরুতে। কিন্তু মনের প্রশান্তি আর চেহারার ঔজ্জ্বল্য আচমকাই কেড়ে নিয়েছিলেন টেস্টের ভুবনে ‘সদ্যোজাত’ একজন। অভিষিক্ত বিলাওয়াল ভাট্টির গতি আর বাউন্সে আবুধাবিতে আউট হয়েছেন ৫ ও ০ রানে। দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে ঢাক ঢাক গুড় গুড় কিছুটা শোনা যাচ্ছিল। শুধুই একটি টেস্ট তো নয়। টানা ১৮ ইনিংস সেঞ্চুরিবিহীন আর বয়স ৩৬ হলে তো গুঞ্জন কিছু উঠবেই, তা থাকুক নামের পাশে প্রায় ১১ হাজার কিংবা ‘গ্রেট’ তকমা!
তবে ওই তকমাটা তো এমনি এমনি পাওয়া যায় না। কেন তিনি গ্রেট, আরেকবার প্রমাণ করলেন মাহেলা জয়াবর্ধনে। নিজের ওপর চাপ তো ছিলই, যখন উইকেটে গেলেন, সকালে দ্রুত ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে দলও। সেই জয়াবর্ধনে অপরাজিত দিন শেষেও। অসাধারণ এক সেঞ্চুরিতে সরে গেছে দুশ্চিন্তার মেঘ। নড়বড়ে থেকে ম্যাচের লাগাম ধরেছে দল শক্ত হাতে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড ১৫৩ রান, হাতে ৬ উইকেট। জয়াবর্ধনের সঙ্গে উইকেটে জমে গেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও।
জয়াবর্ধনে পুরোনো স্বাদ আবার নতুন করে পেলেও আবারও অল্পের জন্য প্রথমবার সেই স্বাদ পাওয়া হয়নি কৌশল সিলভার। প্রথম টেস্ট সেঞ্চুরির বদলে পেয়েছেন নড়বড়ে নব্বইয়ের তেতো স্বাদ! আগের টেস্টেই দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন ৮১ রানে। কাল ৯৫ রানে এলডিব্লু হাফিজকে সুইপ করতে গিয়ে! ততক্ষণে অবশ্য বিপদ কাটিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। সকালে কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্ডিমালকে দ্রুতই তুলে নিয়েছিল পাকিস্তান। কিন্তু সিলভা-জয়াবর্ধনে জুটিতেই লিড পেয়ে যায় লঙ্কানরা, দুজন চতুর্থ উইকেটে গড়েন ১৩৯ রানের জুটি।
ফর্ম ভালো নয় বলেই চার থেকে পাঁচে নেমে গিয়েছেন জয়াবর্ধনে। তবে শুধু পজিশন বদলালেই তো হয় না, অভিজ্ঞতা দিয়েই দেখালেন দুঃসময়কে কীভাবে জয় করতে হয়। চোখ ধাঁধানো শট না খেলে উইকেটে পড়ে থেকেছেন। ২১৫ বলে ছুঁয়েছেন ৩২তম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি সংখ্যায় ছুঁয়েছেন স্টিভ ওয়াহকে। শ্রীলঙ্কার হয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল সাঙ্গাকারার (৩৩।) পরে ম্যাথুসের সঙ্গে জয়াবর্ধনের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে শ্রীলঙ্কার দিনটাও শেষ হয়েছে স্বস্তিতে। ওয়েবসাইট।