রানে ফিরলেন শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান খরা থেকে শচীন টেন্ডুলকারের বেরিয়ে আসাও কলকাতা টেস্টে ভারতের জন্য যথেষ্ট হয়নি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ব্যাটিং স্বর্গেও বড় স্কোরের আশা আপাতত দূর ঠেলে রাখতে হচ্ছে ভারতীয় দলকে। দশ ম্যাচ পর শচীনের ফিফটি ও গৌতম গম্ভীরের ৬০ রানের ওপর ভর করে ইডেন টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৭৩ রান। টসে জিতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুটা কিন্তু মন্দ ছিল না। বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর মিলে ভারতকে মোটামুটি ভালোই সূচনা এনে দেন। দলীয় ৪৭ রানের মাথায় শেবাগ রান আউট হলে ভারতের মন্দভাগ্যের সূচনা। মন্টি পানেসার এরপর ফেরান ইনফর্ম চেতেশ্বর পূজারাকে। শচীন টেন্ডুলকার উইকেটে এসে গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেধে ভারতের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। শচীন ১৫৫ বল খেলে ৭৬ রানের এক ইনিংস খেলে জেমস অ্যান্ডারসনের বলে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন। গম্ভীর ৬০ রান করে আউট হন পানেসারের বলে। বিরাট কোহলির জন্য এবারের ইংল্যান্ড সিরিজ দুঃস্বপ্নেরই অপর নাম হয়ে থাকবে। তিনি আজ আউট হয়েছেন ৬ রানে। যুবরাজ সিং দলের হাল ধরেছিলেন দৃপ্ত হস্তেই। কিন্তু তাঁর ইনিংসটি ৩২ রানের বেশি বড় হয়নি। শেষ বেলায় রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের বিপর্যয় সামাল দেন। অশ্বিন ২১ রান করে আউট হন অ্যান্ডারসনের বলে। তবে ধোনি শেষ পর্যন্ত ২২ রানে অপরাজিত থেকে প্রথম দিন পার করে দেন। শেষ বেলায় ধোনির সঙ্গী হয়ে ছিলেন জহির খান।ইংলিশ বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল জেমস অ্যান্ডারসন। তিনি ৬৮ রানের বিনিময়ে ঝুলিতে ভরেছেন তিনটি উইকেট। পানেসারও সফলতার পরিচয় দিয়েছেন দুটি উইকেট নিয়ে। গ্রায়েম সোয়ান উইকেটশূন্য থাকেননি। তাঁর সংগ্রহ একটি উইকেট।সংক্ষিপ্ত স্কোরভারত ২৭৩/৭ ( ৯০ ওভার)শচীন টেন্ডুলকার ৭৬, গৌতম গম্ভীর ৬০জেমস অ্যান্ডারসন ৩/৬৮, পানেসার ২/৭৪, সোয়ান ১/৪৬