শিবনারায়ণ চন্দরপলের ব্যাটিং নিয়ে কিছু বলব না। উইকেটের অবস্থা যে রকম ছিল, বোলারদের আসলে কিছুই করার ছিল না। ইংল্যান্ডের উইকেটেই চন্দরপলকে আউট করা কঠিন, এ তো বাংলাদেশের উইকেট! এখানে ব্যাটসম্যানদেরই রাজত্ব সব সময়।আমাদের বোলাররা চেষ্টা করেনি, তা নয়। আগের দিনের তুলনায় এদিনই বরং ভালো বল করল সবাই। আগের দিন যেটা বলেছিলাম, লাইন-লেংথ ঠিক রাখতে হবে, সেটাই সবাই করেছে। সে জন্য প্রথম দিনের মতো অত বেশি শট খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। বোলারদের কৃতিত্ব তাই দিতেই হবে।দিন শেষে বাংলাদেশ দলের একটা উইকেট বেশি পড়েছে বলে মনে হয়। দুটি পর্যন্ত ঠিক ছিল। বাড়তি হয়ে গেছে তামিমের আউটটা। ওর মেরে খেলার স্বভাব ঠিক আছে, কিন্তু রান করার তাড়না আরেকটু কম হলে ভালো হতো। এটা তো টেস্ট ক্রিকেট, তাই না! তামিমের উচিত ছিল দিন শেষ করে আসা। দিন শেষে স্কোরবোর্ডের চেহারা তাহলে আরও ভালো থাকত।জাতীয় লিগে ধারাবাহিকভাবে রান করছিল তামিম। টেস্টেও ধরে রেখেছে সেই ধারাবাহিকতা। সেঞ্চুরিটা হয়ে গেলে আরও অনেক দূর যাওয়ার সুযোগ ছিল ওর। তাতে দলেরও উপকার হতো বিরাট। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস যেখানে গেছে, আমাদের অন্তত একটা বড় ইনিংস তো দরকারই। উইকেটে সেট হওয়ার পর বড় ইনিংস খেলতে চেষ্টা করা উচিত ছিল তামিমের।তবে আমি এখনো আশাবাদী। নাঈম ইসলাম আছে। এ রকম ব্যাট করতে থাকলে তাকে আউট করা কঠিন হবে। সাম্প্রতিক সময়ে ধৈর্যের পরীক্ষায় অনেকবারই উত্তীর্ণ হয়েছে সে। আমার বিশ্বাস, এবারও পারবে। আর সাকিব তার স্বাভাবিক খেলা খেলছে, ওটাই খেলুক।তৃতীয় দিনে সাকিব-নাঈমসহ দলের সব ব্যাটসম্যানেরই লক্ষ্য হওয়া উচিত উইকেটে পড়ে থাকা। রানের ক্ষুধাটাকে কমাতে হবে। এই উইকেটে সেটা কঠিনও নয়। ব্যাটসম্যান না চাইলে বোলারের পক্ষে কাউকে আউট করা কঠিন। কাজেই রানের জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। উইকেটে থাকলে রান আসবেই। বাংলাদেশের ব্যাটসম্যানরা এই জায়গায় চন্দরপলকে দেখে শিখতে পারে। বাজে বল ছাড়া ও কিন্তু মারতে যায়নি। তাড়াহুড়ো না করেই ডাবল সেঞ্চুরি করেছে। ওর মতো রানের লোভ সামলে খেলতে পারলে আমাদেরও বড় ইনিংস হবে। ব্যাটসম্যান ভুল না করলে এমন ন্যাড়া উইকেটে ক্যারিবীয় বোলাররা কিছুই করতে পারবে না।