রানের পাহাড় গড়তে চলেছে উইন্ডিজ
ক্রিক এডওয়ার্ড ও ড্যারেন ব্রাভোর দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়তে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩৩ রানের মধ্যেই দুই ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ও কাইরন পাওয়েলকে সাজঘরে ফেরাতে পারলেও তৃতীয় উইকেটে ১৫১ রানের চমত্কার জুটি গড়ে ক্যারিবীয়দের শক্ত অবস্থানে নিয়ে গেছেন এডওয়ার্ড ও ব্রাভো। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান। বাংলাদেশের চেয়ে এখন ৩৩১ রানে এগিয়ে আছে সফরকারীরা।প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতরানের কাছাকাছি চলে গিয়েছিলেন ক্রিক এডওয়ার্ড। কিন্তু ৮৮ রানের মাথায় সোহরাওয়ার্দী শুভর শিকারে পরিণত হন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে তিনি ব্যর্থ হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রাভো। ১০০ রান পূর্ণ করে এখনও অপরাজিত আছেন এই বামহাতি ব্যাটসম্যান।ক্যারিবীয় ইনিংসের দ্বিতীয় বলেই ক্রেইগ ব্রেথওয়াটকে রানআউটের ফাদে ফেলেন নাঈম ইসলাম। ৩৩ রানের মাথায় আরেক ওপেনার কাইরন পাওয়েলের উইকেটও তুলে নেন সাকিব।এর আগে আজ তৃতীয় দিনের শুরুর ১২ ওভার নির্বিঘ্নেই ব্যাট করছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাসির ও শুভ। ২২৫ রানের মাথায় শুভকে সাজঘরে ফেরান বিশু। পরের ওভারে নাসিরের উইকেটও তুলে নেন স্যামুয়েলস। ৪২ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান।ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ফিদেল এডওয়ার্ডের তোপের মুখে মাত্র ৫৯ রানেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও নাঈম ইসলামের ব্যাটে ভর করে কিছুটা সম্মানজনক অবস্থায় পৌঁছায় স্বাগতিকেরা। সাকিবের ৭৩ রানের ইনিংসটির সুবাদে ৭ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল মুশফিক বাহিনী। কিন্তু আজ তৃতীয় দিনে মাত্র ২৭ রান যোগ করতে পেরেছেন নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভরা।