রানের পাহাড়ে ঢাকা
শুভাগত হোম (১২৫) ও মেহরাব হোসেনের (১২৩) জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠল ঢাকা। রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচের তৃতীয় দিনে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ঢাকা তুলেছে ৪৬১ রান। পরশু ১২৪ রানে অপরাজিত শুভাগত কাল আর মাত্র এক রান করে কামরুলের বলে ক্যাচ তুলে দেন ইরফানের হাতে। আর ৯৭ রানে অপরাজিত মেহরাব আউট হন আরও ২৬ রান যোগ করে। প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হওয়া চট্টগ্রাম ২৩৪ রানে পিছিয়ে থেকে শুরু করে দ্বিতীয় ইনিংস। দিন শেষে ১ উইকেটে ১১২ রান তুলেছে চট্টগ্রাম।বগুড়ায় বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭২ রান। এর আগে বরিশাল ৯ উইকেটে ২৬৪ রান তোলার পর তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।সিলেটে রাজশাহীর বিপক্ষে হার এড়াতে লড়ছে খুলনা। ৪৫৭ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করে খেলতে নেমে খুলনা ৫৩ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। রাজশাহীর ৩১৮ রানের জবাবে খুলনার প্রথম ইনিংস শেষ হয় ১৫৪ রানে। এরপর রাজশাহী ৮ উইকেটে ২৯২ রান তুলে ইনিংস ঘোষণা করে।সংশোধনী: কাল খেলার পাতায় জাতীয় ক্রিকেট লিগে ‘ডাবল সেঞ্চুরির অপেক্ষায় শুভাগত’ শিরোনামের সংবাদে ঢাকার ব্যাটসম্যান শুভাগত হোমের রান ১৯৪ ছাপা হয়েছিল। বিসিবি থেকে পাঠানো স্কোর কার্ডের অস্পষ্টতায় এই বিভ্রাট। প্রকৃতপক্ষে তাঁর রান ছিল ১২৪।