রানের ভারে লুটিয়ে পড়ল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে হার। তবে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দূরে থাক, এর ধারেকাছেও যেতে পারল না ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের কিংসটনে ধোনিবিহীন ভারত হেরেছে ১৬১ রানে। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে রানের হিসাবে এটি ভারতীয় দলের সবচেয়ে বাজে হার। এর আগে সবচেয়ে বড় হারের লজ্জাটা ছিল ১৩৫ রানের, ২০০২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। উপুল থারাঙ্গা ও মাহেলা জয়াবর্ধনের উদ্বোধনী জুটিতে ২১৩ রান। উদ্বোধনী জুটিতে ভারতের বিপক্ষেই যা শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রহ। শেষ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ল ভারতীয় দল। পুরো ইনিংসও ব্যাট করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ৪৪.৫ ওভারে ১৮৭ রানেই ইনিংস শেষ! ৩৪৯ রানের কঠিন লক্ষ্য। জয় পেতে হলে দুই-একটা সেঞ্চুরির বিকল্প ছিল না। অথচ হাফ সেঞ্চুরিও করতে পারলেন না ভারতের কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৯ রান নিয়ে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাদেজা। সুরেশ রায়না ও মুরালি বিজয়ের সংগ্রহ যথাক্রমে ৩৩ ও ৩০ রান। এ ছাড়া শিখর ধাওয়ান ২৪ ও দিনেশ কার্তিক ২২ রান করেন। ভারতীয় ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন রঙ্গনা হেরাথ। ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন এই লঙ্কান স্পিনার। সেনানায়েকে ও মালিঙ্গা নেন দুটি করে উইকেট। চরম ব্যাটিং ব্যর্থতা তো আছেই, ভারতীয় দল গত রাতে মাশুল দিয়েছে ক্যাচ মিসেরও। উমেশ যাদবের হাত থেকে উপুল থারাঙ্গার ক্যাচ পড়েছিল ৯১ রানে। শেষ পর্যন্ত থারাঙ্গা অপরাজিত থাকলেন ১৭৪ রান নিয়ে। ২৫ রানে মাহেলা জয়াবর্ধনের ক্যাচ ফেলেন মুরালি বিজয়। সেই জয়াবর্ধনে যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ১০৭ রান। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত থাকেন ৪৪ রান নিয়ে। গোটা ইনিংসে কেবল একটাই উইকেট হারায় শ্রীলঙ্কা। জয়াবর্ধনের উইকেট শিকার করা ‘সৌভাগ্যবান’ সেই ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। সূত্র: ক্রিকইনফো।