রামদিন-চন্দরপলে উদ্ধার উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপন্ন দলকে টেনে তুলেছেন শিবনারায়ণ চন্দরপলকে সঙ্গী করে। সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিনের উদ্যাপনটা তাই দেখার মতোই হলো। কাল হ্যামিল্টন টেস্টে ।  এএফপি
বিপন্ন দলকে টেনে তুলেছেন শিবনারায়ণ চন্দরপলকে সঙ্গী করে। সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিনের উদ্যাপনটা তাই দেখার মতোই হলো। কাল হ্যামিল্টন টেস্টে । এএফপি

টস জিতে ফিল্ডিং নেওয়াটা কি ঠিক হলো? এটা নিশ্চিত, প্রশ্নটার সঠিক উত্তর কাল ব্রেন্ডন ম্যাককালামের জানা ছিল না। কিউই অধিনায়ক জানবেন কী করে, হ্যামিল্টন টেস্টের প্রথম দিনটা যে বেশ কয়েকবার বিভ্রান্ত করেছে তাঁকে। শুধু তাঁকে কেন, বিভ্রান্ত তো হয়েছেন এই টেস্ট অনুসরণ করা প্রায় সবাই। আর বিভ্রান্ত করার কাজটা বেশ ভালোভাবে করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
টস হেরে ব্যাট, স্কোর ১ উইকেটে ৭৭, ওয়েস্ট ইন্ডিয়ান টপ-অর্ডার মনে করিয়ে দিল সিদ্ধান্তটা ঠিক নেননি ম্যাককালাম। না, ভুল করিনি—কিছুক্ষণ পরই হয়তো বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ৩৪ বলের এক ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা যে দেখতে না-দেখতে হয়ে গেল ৫ উইকেটে ৮৬। ভুল ভাঙতে অবশ্য সময় লাগেনি, শিবনারায়ণ চন্দরপল-দিনেশ রামদিন জুটি ম্যাককালামকে বুঝিয়ে দিল আসলে ভুলই হয়েছে।
প্রথম দিনেই টেস্টের নিয়ন্ত্রণটা যখন মনে হচ্ছিল মুঠোয় নিয়ে ফেলেছে নিউজিল্যান্ড, তখনই চন্দরপল ও রামদিনের পাল্টা-আক্রমণ। ওভারপ্রতি চার রানের বেশি করে তুলে জুটিতে ঠিক ২০০ রান, ক্যারিবীয় স্কোরটা দিন শেষে ঝলমলে হলো এই জুটিতেই। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে রামদিন আউট হয়ে গেলেও চন্দরপল প্রথম দিনটা শেষ করেছেন ২৯তম সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে। ১৮ বাউন্ডারিতে ১০৭ রান করা রামদিন অবশ্য পেয়েছেন ভাগ্যের ও কিউই ফিল্ডারদের পিচ্ছিল হাতের স্পর্শ। ৫৭ রানে মিড উইকেটে কেন উইলিয়ামসন ও ৯২ রানে শর্ট কাভারে টিম সাউদি ছেড়েছেন রামদিনের ক্যাচ। কয়েকবার ‘হাফ চান্স’ দিয়ে বেঁচে গেছেন চন্দরপলও। প্রথম দুই সেশনে ১৪২ রান করা ওয়েস্ট ইন্ডিজ শেষ সেশনে করেছে ১৪৭ রান। দিন শেষে স্কোর ৬ উইকেটে ২৮৯।
সিরিজ বাঁচাতে হলে জয় ছাড়া উপায় নেই, একাদশে তিনটি পরিবর্তন এনেই কাল মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। অনুশীলনে চোট পাওয়া ড্যারেন ব্রাভোর বদলি হিসেবে নেমেছেন ওপেনার ক্রেগ ব্রাফেট, নিষিদ্ধ শিলিংফোর্ডের জায়গা নিয়েছেন সুনীল নারাইন, আরেক স্পিনার ভিরাসামি পেরমল ঢুকেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েলের জায়গায়। নিউজিল্যান্ডে আস্থা রেখেছে ওয়েলিংটনের ১১ জনের ওপরই। এএফপি, ক্রিকইনফো।