রামপল এখন ‘নেতা’
কারও আদর্শ থাকতেন সনি রামাধিন, কারও বা রোহান কানহাই। ভারতীয় বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা সাধারণত বেছে নিতেন স্পিন বোলিং কিংবা ব্যাটিং। রবি রামপল হেঁটেছিলেন উল্টো স্রোতে। ত্রিনিদাদের রাস্তায় খেলার দিনগুলো থেকেই যেটা করতে ভালোবাসতেন, বেছে নিয়েছেন সেটাই—ফাস্ট বোলিং। সিদ্ধান্তটি যে ভুল ছিল না, এর প্রমাণ আজ তিনি ক্যারিবীয় পেস আক্রমণের নেতা! ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত পেসার রামপল। ব্যতিক্রম তিনি আরও অনেক দিক থেকেই। প্রথম দর্শনে আর যা-ই হোক, ফাস্ট বোলার মনে হবে না। একটু হূষ্টপুষ্ট শরীর, আধুনিক ক্রিকেটে যা যথেষ্টই বিরল। বোলিং রান আপের শেষ প্রান্তে নেই কোনো লাফ। সদাহাস্য চেহারা আর শরীরী ভাষায় খুনে মনোভাবের ছোঁয়ামাত্র নেই। তবু তিনি দারুণ কার্যকর। কেমার রোচের অনুপস্থিতিতে এই সিরিজে ক্যারিবীয় পেস আক্রমণের মূল অস্ত্র।কাল ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামপল কথা বললেন নেতার মতোই। এ বছর দলের সফলতম পেসার কেমার রোচ চোটের কারণে নেই টেস্ট সিরিজে। কিন্তু এটা নিয়ে যেন উদ্বিগ্ন নন রামপল, ‘ফিদেল (এডওয়ার্ডস, রোচের পরিবর্ত বোলার) যথেষ্ট অভিজ্ঞ বোলার। গত বছর এখানে যথেষ্ট সফলও হয়েছে। ও জানে এই কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়। শুধু ফিদেলই নয়, পেস-স্পিন মিলিয়ে আমাদের বোলিং আক্রমণ বেশ সমৃদ্ধ। আশা করি, এই বোলিং আক্রমণ আমাদের জেতাতে পারবে।’এডওয়ার্ডস অভিজ্ঞ তো বটেই, বলা ভালো বোলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। গত বাংলাদেশ সফরে এই এডওয়ার্ডসই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের মূল অস্ত্র। তবে বাংলাদেশ সফরের পর থেকেই বিবর্ণ ৫৪ টেস্ট খেলা পেসার, আর সুযোগ কাজে লাগিয়ে রামপলই হয়ে উঠেছেন মূল হাতিয়ার। গত সফরে ছিলেন রামপলও, বাংলাদেশে এসেছিলেন গত বিশ্বকাপেও। অভিজ্ঞতা থেকেই জানেন, ফাস্ট বোলারদের কাজটা এখানে সহজ নয়, ‘আগের অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এখানে উইকেট বেশ মন্থর। স্পিনারদের দিকেই পক্ষপাতটা বেশি থাকে। পেসারদের তাই বৈচিত্র্যের দিকেই বেশি জোর দিতে হয়।’কিন্তু সম্প্রতি মিরপুরে জাতীয় লিগের দুটি রাউন্ডের অভিজ্ঞতা বলছে, উইকেটে বেশ বাউন্স আছে। বিশেষ করে প্রথম দুই দিন। বাউন্সই আবার রামপলের মূল অস্ত্র। দারুণ লেংথে টানা বোলিং করে যাওয়া আর ব্যাটসম্যানের খুব কাছ থেকে অস্বস্তিকর বাউন্স আদায় করেই শিকার ধরেন রামপল। উইকেটে বাউন্সের কথা শুনে ঠোঁটে মৃদু হাসি খেলে গেল ২৮ বছর বয়সী পেসারের, ‘উইকেট দেখিনি, এখনো তাই জানি না আচরণ কেমন হবে। তবে আমাদের দ্রুতগতির বোলার আছে কজন, যারা বোলিং করতে পারে ৯০ মাইল গতিতে। যদি সঠিক জায়গায় বল রাখতে পারি, সফল না হওয়ার কারণ দেখছি না।’উইকেট-কন্ডিশন যা-ই হোক, শর্ট বল সব সময়ই বাংলাদেশের বিপক্ষে কার্যকর এক অস্ত্র। রামপলেরও সেটা অজানা থাকার কথা নয়। গত সফরে এসে তো ব্যাটসম্যানের পাঁজর তাক করার ঘোষণাই দিয়েছিলেন। আরেকটু পরিণত বলেই এবার ভাবনা আর প্রতিক্রিয়ায় বেশ সতর্ক, ‘বোলিং ইউনিট হিসেবে ওদের দুর্বলতা খুঁজে বের করতে হবে আমাদের। যদি দেখি যে শর্ট বলে দুর্বল, আমরা সেটা কাজে লাগাব। যদি দেখি অন্য কিছুতে সমস্যা, তাহলে সেভাবেই বোলিং করব।’অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা খুঁজে পেতে প্রতিপক্ষের খুব বেশি সমস্যা হয় না। এবার কি তামিম-নাফীসরা পারবেন, রামপলদের কাজটা কঠিন করে তুলতে?